বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ না নেয়ার জন্য যে যুক্তি দিয়েছে তাকে খোঁড়া যুক্তি হিসেবে আখ্যা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিজয়ী জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান)।
তিনি আজ সংসদ ভবন প্রাঙ্গণে গণমাধ্যমকে বলেন, ‘এই সংসদ থেকে মানুষ ফিরে পাবে গণতান্ত্রিক অধিকার। এছাড়া, মানুষের চাওয়া জুলাই সনদের বাস্তবায়ন। এই বাস্তবায়নের একদিন বিলম্বও মানুষের অনুভূতিতে আঘাত হানে। আমি আহ্বান জানাব, এই সনদ বাস্তবায়নে একদিনও যেন বিলম্ব না হয়। নতুন আকাঙ্ক্ষার নাম জুলাই সনদ। এটি অক্ষরে অক্ষরে পালন হতে হবে।‘
তিনি আরো বলেন, ‘যিনি সংসদ সদস্যদের শপথ পড়াবেন তিনিই সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়াবেন। যে যুক্তিটা দেয়া হচ্ছে তা খোঁড়া যুক্তি। আমরা আহ্বান জানাব, আর যেন বিলম্ব না হয়।‘
ব্যারিস্টার আরমান আরো বলেন, ‘আমরা জামায়াতের আমিরের নেতৃত্বে সিদ্ধান্ত জানাব। কিন্তু আজ যে শপথ (সংবিধান সংস্কার পরিষদ) আজ হলো না, তাতে জনগণের মনে আশঙ্কা সৃষ্টি হয়েছে। কালবিলম্ব না করে এই আশঙ্কা দূর করবেন।‘
তিনি আরো বলেন, ‘আমরা শপথ নিতে চাই। কিন্তু সিদ্ধান্ত জামায়াতের আমির নেবেন।‘
আরো পড়ুন: সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে এখনই শপথ নেবে না বিএনপি