সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি এখন শপথ নেবে না। সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পর সংবিধান সংস্কার কমিশনের সদস্যদের শপথের বিধান করা যাবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচিত সালাহউদ্দিন আহমদ।
আজ জাতীয় সংসদে নির্বাচিত এমপিদের শপথ গ্রহণের অনুষ্ঠানের আগে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমদ তার হাতের নীল রঙের ফর্মটি দেখিয়ে বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী, সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে তা আগে সংবিধানে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ নেয়াবেন, সে বিধান করতে হবে।‘
তিনি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের ফর্মটি দেখিয়ে বলেন, এই ফর্ম সংবিধানে নেই। সে সঙ্গে, সংসদ সদস্য হিসেবে শপথের সাদা ফর্ম দেখিয়ে বলেন, এটি সংবিধানের তৃতীয় তফসিলে আছে। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের ফর্ম তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার কমিশনের সদস্যদের শপথের বিধান করা যাবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত এসেছি।আশা করি সামনের দিনেও চলব।
এরপর তিনি দলীয় সদস্যদের উদ্দেশে আরো বলেন, 'আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম।'