ব্রিটিশ গায়ক এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে উপার্জিত অর্থের পুরোটাই দান করার ঘোষণা দিয়েছেন মার্কিন র্যাপার ম্যাকলমোর। ফিলিস্তিনি জনগণ ও গাজায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা ছয়টি সংস্থাকে ১০ লাখ ডলার অনুদান দেয়া হবে। কনসার্টের মঞ্চে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেয়ার পর সফর থেকে বাদ পড়ার পর পরই সিদ্ধান্তটি জানান এ গ্র্যামিজয়ী শিল্পী। খবর দ্য গার্ডিয়ান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি মার্কিন ফুটবল দল নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মালিককেও সমপরিমাণ অর্থ দেয়ার জন্য আহ্বান জানান। দলটির মালিক ও ধনকুবের রবার্ট ক্রাফট ইসরায়েলপন্থী ব্যবসায়ী হিসেবে পরিচিত। এর আগে বস্টনের জিলেট স্টেডিয়ামে ম্যাকলমোরের পরিবেশনার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন তিনি।
ইনস্টাগ্রামে ম্যাকলমোর লিখেন, সাম্প্রতিক ঘটনার পর তিনি আবার মূল আলোচনায় গাজার মানুষকে ফিরিয়ে আনতে চান। সামরিক দখলদারত্বের মুখে থাকা এবং স্বাধীনতার জন্য সংগ্রামরত ফিলিস্তিনিদের জীবন রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ম্যাকলমোর জানান, এ সফরে তার অর্জিত পুরো ১০ লাখ ডলার সরাসরি ফিলিস্তিনিদের সহায়তায় কর্মরত ছয়টি সংস্থাকে দেয়া হবে। ক্রাফটকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ফিলিস্তিনিদের জীবন রক্ষা করা জরুরি এবং তাদের জীবনের মূল্য অন্য যেকোনো জীবনের মতোই সমান।
তার এ আহ্বানের পর রবার্ট ক্রাফট একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেন। ক্রাফট দাবি করেন, এড শিরান ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। ফিলিস্তিন অঞ্চলের মানবিক সংকট মোকাবেলায় ২০ লাখ ডলার অনুদান দেয়ার জন্য অনুরোধ করেছিলেন। তবে তার বিবৃতিতে কোনো নির্দিষ্ট দাতব্য প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি।
ঘটনার সূত্রপাত চলতি মাসের শুরুর দিকে, যখন মেটলাইফ স্টেডিয়ামে এক কনসার্টে মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বক্তব্য দেন ম্যাকলমোর। গাজা ও পশ্চিম তীরের মানুষদের পাশে থাকার ঘোষণা দেয়ায় তার বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয় এবং ইসরায়েল-আমেরিকান কাউন্সিল তাকে সফর থেকে বাদ দেয়ার আবেদন জানায়।
এড শিরান ও ম্যাকলমোর। ছবি: রয়টার্স
পরের দিন ম্যাকলমোর আবার মঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট করেন, বর্ণবাদ ও গণহত্যার বিরোধিতা করা কোনোভাবেই নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে আক্রমণ নয়। তিনি বলেন, তার মূল উদ্দেশ্য মানবতা, শান্তি ও সবার সমান অধিকার প্রতিষ্ঠা করা।
এড শিরান নিজের অবস্থান ব্যাখ্যা করে জানান, তিনি রাজনৈতিক বিষয়ে নিরপেক্ষ থাকতে চান। রবার্ট ক্রাফটসহ বেশ কয়েকজন স্টেডিয়াম মালিক সাফ জানিয়ে দেন, ম্যাকলমোর থাকলে তাদের স্টেডিয়ামে কনসার্ট করতে দেয়া হবে না, যার ফলস্বরূপ তাকে বাদ দিতে হয়েছে।
তবে এ সিদ্ধান্তের প্রতিবাদে ২৪ ঘণ্টার মধ্যে বাকি চারজন সহযোগী শিল্পী ফিনিয়াস, অ্যারন রো, বিওগা এবং লুকাস গ্রাহাম লুপ ট্যুর থেকে সরে দাঁড়ান। তারা ম্যাকলমোর ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এ সিদ্ধান্ত নেন।
সংগীত জগতের বাইরেও এ ঘটনার প্রতিক্রিয়া দেখা গেছে। যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবল তারকা কলিন কেপারনিক এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তিনি জানান, স্টেডিয়ামের মালিকরা নিজেদের বাণিজ্যিক স্বার্থ ও প্রভাব বজায় রাখতে এমন পদক্ষেপ নিচ্ছেন। অন্যদিকে, ক্রাফট দাবি করেছেন, তার এ সিদ্ধান্ত ইহুদি সম্প্রদায়ের অনুভূতি রক্ষার তাগিদেই নেয়া হয়েছে।