বিখ্যাত ‘জেমস বন্ড’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন টম হল্যান্ড? এমন গুঞ্জন যখন ঘুরে বেড়াচ্ছে চলচ্চিত্র দুনিয়ায়, তখন এ বিষয়ে মুখ খুললেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই ব্রিটিশ অভিনেতা।
সম্প্রতি গর্ডন র্যামসের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিও সাক্ষাৎকারে এ নিয়ে প্রশ্ন করা হলে হল্যান্ড বলেন, 'শোনো, এই মুহূর্তে জল্পনা চলছে। আমরা আপাতত বিষয়টি একটু সীমিত রাখি, একদিন ঠিক পৌঁছে যাব।'
টম হল্যান্ড আরো বলেন, 'প্রত্যেক তরুণ ব্রিটিশ অভিনেতার জন্য এটি আমাদের ইন্ডাস্ট্রির শিখরে পৌঁছানোর সুযোগ। আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ মনে করি। আমার এমন একটি ক্যারিয়ার হবে আমি স্বপ্নেও ভাবিনি।'
‘জেমস বন্ড’ চরিত্র নিয়ে এমন কৌশলী মন্তব্য করলেও পুরোপুরি নিশ্চয়তা দেননি। যদি সত্যিই কোনো ভিত্তি থাকে যে টম হল্যান্ড জেমস বন্ড চরিত্রে অভিনয়ের জন্য বিবেচিত হচ্ছেন, তাহলেও তিনি সেটি এখনই প্রকাশ করছেন না।
প্রসঙ্গত, শুক্রবার মুক্তি পেয়েছে টম হল্যান্ডের অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর টিজার। এর মাধ্যমে তিনি আবারো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটিতে ফিরেছেন।
এর আগে ‘জেমস বন্ড’ চরিত্রে ক্যাসিনো রয়্যাল (২০০৬), কোয়ান্টাম অব সোলেস (২০০৮), স্কাইফল (২০১২), স্পেক্টর (২০১৫) এবং নো টাইম টু ডাই (২০২১) তে অভিনয় করেন ড্যানিয়েল ক্রেগ। তার পূর্বসূরি ছিলেন শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন এবং পিয়ার্স ব্রসনান। কিন্তু এরপর কে— তা এখনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। সবার মনেই তাই প্রশ্ন, কে হবেন ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি?
চলতি বছরের জুনে অ্যামাজন এমজিএম স্টুডিওস ঘোষণা করে, পরবর্তী বন্ড ছবিটি পরিচালনা করবেন ‘ডিউন’ খ্যাত পরিচালক ডেনিস ভিলেনভ। এ সপ্তাহে জানা গেছে, ছবিটির চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট। প্রযোজনা করছেন বন্ড সিরিজের পুরোনো মুখ বারবারা ব্রকলি এবং মাইকেল জি. উইলসন, আর নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন তানিয়া ল্যাপয়েন্ট। ছবিটির প্রযোজনা দায়িত্বে থাকছেন আরো দুই খ্যাতিমান প্রযোজক অ্যামি প্যাসকেল ও ডেভিড হেইম্যান।
নতুন বন্ড কে হচ্ছেন, সে প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত। তবে টম হল্যান্ডের কৌশলী বক্তব্যে ভক্তদের কৌতূহল আরো বেড়ে গেছে।