দৈর্ঘ্য কমছে ৩০ মিনিট

‘রামায়ণ’-এর ইংরেজি সংস্করণে থাকছে না গান

একটি সূত্রের বরাতে জানা গেছে, আন্তর্জাতিক সংস্করণে কোনো গান থাকবে না। সেখানকার দর্শকদের রুচির সঙ্গে মানিয়ে নিতে কিছু দৃশ্যও ছেঁটে ফেলা হবে। ভারতীয় দর্শকরা গানসহ তিন ঘণ্টা বা তার বেশি দৈর্ঘ্যের সিনেমায় অভ্যস্ত। কিন্তু বিশ্বব্যাপী দর্শকদের ক্ষেত্রে বিষয়টি এমন নয়। এ কারণেই প্রযোজকরা সিদ্ধান্তটি নিয়েছেন

নিতেশ তিওয়ারির বলিউড চলচ্চিত্র ‘রামায়ণ’ দুই পর্বে মুক্তি পাবে। ভারতীয় ও আন্তর্জাতিক দর্শকের জন্য ছবিটির আলাদা সংস্করণ প্রস্তুত করছেন নির্মাতারা। জানা গেছে, ইংরেজি সংস্করণ হিন্দির তুলনায় প্রায় ৩০ মিনিট ছোট হবে। আন্তর্জাতিক দর্শকদের কথা বিবেচনায় নিয়ে সম্পাদনা টেবিলে ‘রামায়ণ’ আরো সংক্ষিপ্ত হচ্ছে। খবর ভ্যারাইটি।

একটি সূত্রের বরাতে জানা গেছে, আন্তর্জাতিক সংস্করণে কোনো গান থাকবে না। সেখানকার দর্শকদের রুচির সঙ্গে মানিয়ে নিতে কিছু দৃশ্যও ছেঁটে ফেলা হবে। ভারতীয় দর্শকরা গানসহ তিন ঘণ্টা বা তার বেশি দৈর্ঘ্যের সিনেমায় অভ্যস্ত। কিন্তু বিশ্বব্যাপী দর্শকদের ক্ষেত্রে বিষয়টি এমন নয়। এ কারণেই প্রযোজকরা সিদ্ধান্তটি নিয়েছেন।

ভারতের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী মহাকাব্য ‘রামায়ণ’-এর আন্তর্জাতিক চলচ্চিত্রায়ণ হিসেবে তুলে ধরতে নির্মাতারা কৌশলগতভাবেই এ সিদ্ধান্ত নিয়েছেন। বলা হচ্ছে, গান গল্পকে এগিয়ে নেয় না; বরং ভারতীয় দর্শকের জন্য বর্ণনাকে আরো সমৃদ্ধ করার উদ্দেশ্যে রাখা হয়েছে। ভারতীয় ভাষার সংস্করণগুলোয় মহাকাব্যের গানগুলো বড় পরিসরে উপস্থাপন করা হবে।

‘রামায়ণ: পার্ট ১’ আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ৬ নভেম্বর। আর দীপাবলি উপলক্ষে ভারতে মুক্তি পাবে ৮ নভেম্বর।

এর আগে এক সাক্ষাৎকারে রণবীর কাপুর ছবিটির বিশাল পরিসরের সঙ্গে পিটার জ্যাকসনের ‘দ্য লর্ড অব দ্য রিংস’-এর তুলনা করেছিলেন। তিনি আরো জানিয়েছিলেন, দুই পর্বের এই মহাকাব্যিক কাহিনিতে প্রায় ছয় ঘণ্টার ভিজ্যুয়াল ও অ্যাকশন দৃশ্য রয়েছে। গল্পে পরিবার, দায়িত্ব, ভালোবাসা এবং অশুভের বিরুদ্ধে শুভর বিজয়ের মতো বিষয় উঠে আসবে।

নমিত মালহোত্রার প্রযোজনায় সিনেমাটিতে একসঙ্গে সংগীত করেছেন অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার ও এ আর রহমান। ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, রাবণের চরিত্রে যশ এবং হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করেছেন।

‘রামায়ণ’-এর দ্বিতীয় পর্ব আগামী বছরের দীপাবলিতে মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে এর সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

আরও