এবার একটি নতুন ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন তিনি। জানা গেছে, তার অভিনীত নতুন ওয়েব ফিল্মটির নাম ‘টুটুলের টাকা’। এটি পরিচালনা করছেন ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়। আইস্ক্রিন প্রযোজিত এ ওয়েব ফিল্মে একজন জনপ্রিয় চিত্রনায়িকার চরিত্রে দেখা যাবে তাকে।
নতুন ওয়েব ফিল্মটি নিয়ে জানতে চাইলে বণিক বার্তাকে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘টুটুলের টাকা নামটা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। ওয়েব ফিল্মটি নিয়ে টিমের কাজ চলছে। গল্প ও চরিত্র নিয়ে বেশ কিছুদিন ধরেই কাজ করা হচ্ছে।’
এতে নুসরাত ফারিয়া ও অন্যান্য কাস্টিংয়ের বিষয়ে পরিচালক বলেন, ‘আমার সঙ্গে নুসরাত ফারিয়ার কথা হয়েছে, চঞ্চল ভাই ও নাসিরউদ্দীন খানের সঙ্গেও কথা হয়েছে। এ ওয়েব ফিল্মে যারা থাকবেন তাদের সবার সঙ্গেই কথা চলছে, কাস্টিং এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি।’
শিগগিরই শুটিংয়ের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হবে জানিয়ে তিনি বলেন, ‘কাস্টিং ঠিক হলে আমরা শিগগিরই শুটিং শুরু করব এবং সবকিছু চূড়ান্ত হলে বিস্তারিত গণমাধ্যমকে জানাব। তবে টুটুলের টাকা নামটা নাও হতে পারে, নাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।’
ওটিটিতে এর আগে বেশ কয়েকটি কাজ করেছেন নুসরাত ফারিয়া। সর্বশেষ তিন বছর আগে তার অভিনীত ‘পাতালঘর’ সিনেমাটি চরকিতে মুক্তি পায়। একই বছর ভারতীয় ওটিটি প্লাটফর্ম জিফাইভে মুক্তি পায় ‘ভয়’।
এছাড়া পশ্চিমবঙ্গে সর্বশেষ ২০২৩ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘আবার প্রলয়’ সিরিজের ‘মেনোকা’ গানে নেচেছিলেন তিনি। তার গাওয়া সর্বশেষ গান ‘লোকে বলে’ এরই মধ্যে ইউটিউবে অর্ধকোটি ভিউ পেয়েছে। প্রায় দুই বছর আগে তৈরি হয়েছিল গানটি।
এ গান নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরাত ফারিয়া বলেন, ‘প্লেলিস্টে রেখে নিজেই হেডফোনে এ গান শুনতাম। মন খারাপ হতো ভেবে যে এটি কি কখনো আলোর মুখ দেখবে না? কাছের অনেকে বলত, একে-তাকে দিয়ে প্রকাশ করে ফেলো। কিন্তু মন ভরত না। অবশেষে এসভিএফ একটি প্রকল্পের জন্য গানটি পছন্দ করল। এজন্য ফুয়াদ ভাইয়ের কাছে কৃতজ্ঞতা। আর সঞ্জয় তো যা সুন্দর রিদম যোগ করল! বাবা যাদবের সঙ্গে এটি আমার ১৬ নম্বর কাজ।’
দুই বাংলাতেই নুসরাত ফারিয়া অভিনীত বেশকিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে বাংলাদেশে রয়েছে ‘ফুটবল একাত্তর’, কলকাতায় ‘রকস্টার’ এবং নাম চূড়ান্ত না হওয়া আরো কয়েকটি সিনেমা। এছাড়া তার গাওয়া আরো দুটি গান তৈরি রয়েছে বলে জানিয়েছেন তিনি।