১০ জুলাই জাপানের প্রেক্ষাগৃহগুলোয় মুক্তি পেতে চলেছে সিনেমাটি। এ উপলক্ষে জাপানি দর্শকদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন রণবীর সিং, যেখানে তিনি সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন।
ভিডিও বার্তায় রণবীর বলেন, ‘আপনাদের জন্য আমরা নিয়ে আসছি সর্বকালের অন্যতম বৃহৎ ভারতীয় সিনেমার অভিজ্ঞতা। বড় পর্দায় ধুরন্ধর উপভোগ করার জন্য আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।’ ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং জাপানি সিনেমাপ্রেমীদের মধ্যেও এটি নিয়ে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতারা।
গোয়েন্দাগিরি ও অ্যাকশননির্ভর এ সিনেমার পরিচালনা করেছেন আদিত্য ধর। গুপ্তচরবৃত্তি এবং টানটান উত্তেজনা নিয়ে গড়া এ কাহিনীতে রণবীর সিংয়ের সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর. মাধবন ও অর্জুন রামপালের মতো তারকারা।
মুক্তির পর থেকেই দেশে-বিদেশে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ‘ধুরন্ধর’, পাশাপাশি ব্যবসায়িক দিক থেকেও পেয়েছে চমকপ্রদ সাফল্যের নজির। নির্মাতাদের ভাষ্যমতে, সিনেমার প্রথম কিস্তি ও সিকুয়াল মিলিয়ে বিশ্বজুড়ে আয় ছাড়িয়ে গেছে কয়েক হাজার কোটি রুপি। উল্লেখযোগ্য বিষয় হলো, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এককভাবে ভারতেই আয় করেছে ১ হাজার কোটি রুপির বেশি।
গত কয়েক বছরে জাপানের দর্শকদের মধ্যে ভারতীয় সিনেমার প্রতি আগ্রহ ক্রমেই বাড়ছে। বিশেষত বড় বাজেটের অ্যাকশননির্ভর এবং চোখধাঁধানো ভিজুয়াল এফেক্টসমৃদ্ধ চলচ্চিত্রগুলো সেখানকার দর্শকদের কাছে বরাবরই বিশেষ কদর পেয়ে থাকে। এ প্রবণতার কারণেই ‘ধুরন্ধর’-এর জাপান মুক্তিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা।
নির্মাতারা আশাবাদী, ভারতের মতো জাপানের দর্শকহৃদয়ও জয় করে নেবে ‘ধুরন্ধর’। এখন দেখার বিষয়, ভারতীয় বক্স অফিসে অর্জিত সাফল্যের ধারাবাহিকতা জাপানের প্রেক্ষাগৃহেও ধরে রাখতে পারে কিনা সিনেমাটি।