প্রবাসে বাংলাদেশকে তুলে ধরতে চান নুসরাত ফারিয়া

প্রবাসী বাংলাদেশীদের নিমন্ত্রণে কানাডায় পৌঁছেছেন নুসরাত ফারিয়া। তিনি সেখানে স্টেজ শোয় পারফর্ম করবেন।

প্রবাসী বাংলাদেশীদের নিমন্ত্রণে কানাডায় পৌঁছেছেন নুসরাত ফারিয়া। তিনি সেখানে স্টেজ শোয় পারফর্ম করবেন। ১০ জুলাই কানাডার ক্যালগিরিতে পৌঁছেছেন এ অভিনেত্রী। সেখানে আগামীকাল একটি স্টেজ শোয় অংশ নেয়ার কথা রয়েছে তার।

নুসরাত ফারিয়া বলেন, ‘আগামী ৩ আগস্ট টরন্টোতে ও ৯ আগস্ট মন্ট্রিয়লে ভিন্ন দুটি স্টেজ শোতে পারফর্ম করব। এছাড়া তিনটি ভিন্ন শোতে আমি পারফর্ম করব। তিনটি ভিন্ন শোই আলাদা আলাদা টিম ডিরেকশন দিয়েছে। প্রবাসী বাংলাদেশীদের নিমন্ত্রণে আমি এ যাত্রায় কানাডায় এসেছি। প্রতিটি পারফরম্যান্সে অবশ্যই আমি আমার প্রিয় বাংলাদেশকে তুলে ধরব। সেই সঙ্গে আমার অভিনীত সিনেমার গানও ঠাঁই পাবে পারফরম্যান্সে।’

নুসরাত ফারিয়া এ সময়কার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও পারফরমার। বাংলাদেশের পাশাপাশি তিনি অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সিনেমায়। গত বছর সুড়ঙ্গ সিনেমার একটি গানের কারণে দারুণ আলোচিত ছিলেন এ অভিনেত্রী। প্রবাসেও দর্শক মাতাবেন তিনি, এমনই সবার ধারণা।

আয়োজকদের ধন্যবাদ দিয়ে নুসরাত বলেন, ‘ধন্যবাদ আয়োজকদের যাদের নিমন্ত্রণে আমি এবার কানাডায় এলাম। খুব চমৎকার সময় কাটানো শুরু হলো ক্যালগিরিতে। আশা করছি পুরো জার্নিটা আনন্দদায়ক হবে।’

ঈদে নুসরাত ফারিয়াকে পুষ্টির একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে। এতে তার সহশিল্পী ছিলেন মিলি বাশার। অভিনয়ের পাশাপাশি একাডেমিক দিক থেকেও এগিয়ে তিনি। ২৪ মে ভারতের গুজরাটে অবস্থিত ‘পারুল ইউনিভার্সিটি’তে ‘গেস্ট অব অনার’ হিসেবে অংশগ্রহণ করে অতিথি হিসেবে বক্তৃতা দিয়ে ভীষণ প্রশংসা কুড়িয়েছেন। ভারত, বাংলাদেশসহ বিদেশী নানা অঞ্চলে বাংলা ভাষাভাষীদের কাছে ইংরেজিতে তার বক্তৃতা দেয়া ভীষণ প্রশংসা কুড়ায়।

মিডিয়ায় নুসরাত ফারিয়ার পথচলা শুরু মূলত একজন উপস্থাপিকা হিসেবে। তবে একসময় সিনেমায় কাজ শুরুর পর অভিনয়ে নিয়মিত হয়ে ওঠেন তিনি। তবে বিশেষ বিশেষ দিবসে হঠাৎ তাকে উপস্থাপনায় দেখা যায়।

আরও