বলিউড অভিনেতা নানা পাটেকর আর নেই। মৃত্যুকালে এ শক্তিমান অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর। প্রাথমিক তথ্যে জানা যায়, আজ ভোরে গোয়ায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ সংজ্ঞা হারান তিনি। পরে হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর এএনআই।
আজ ভোরে বাড়িতে বুকে ব্যথা অনুভব করেন নানা। তার পরেই সংজ্ঞা হারিয়ে পড়ে যান তিনি। ভোর সোয়া ৫টা নাগাদ তাকে গোয়ার মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে বাড়িতেই ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন চিকিৎসকরা। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়।
নানার ছেলে মালহার পাটেকর জানিয়েছেন, বুকে ব্যথা অনুভব করায় চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেছিলেন অভিনেতা নিজেই। তার পরেই চিকিৎসকদের একটি দল তার গোয়ার বাড়িতে যান। চিকিৎসকরা এসে নানাকে সংজ্ঞাহীন অবস্থায় পান। একটানা সিপিআর দেয়ার পরেও সংজ্ঞা না ফেরায় তাকে দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাড়ে ৫টা ২০ মিনিট নাগাদ নানাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্ম নানা পাটেকরের। তার প্রকৃত নাম বিশ্বনাথ পাটেকর। হিন্দি ও মারাঠির পাশাপাশি তাকে তামিল সিনেমায় দেখা গেছে। ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমা দিয়ে নানার অভিনয়জীবনের সূচনা। চলচ্চিত্র ও থিয়েটারে অভিনয়ে হাতেখড়ি হওয়ার আগে মুম্বাইয়ের জেজে স্কুল অব আর্টে পড়াশোনা করেন তিনি।
নানা পাটেকর অভিনীত সিনেমার মধ্যে রয়েছে পারিন্দা, ক্রান্তিবীর, অগ্নিসাক্ষী, খামোশি: দ্য মিউজিক্যাল, প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক, আব তক ছাপ্পান, রাজনীতি, শক্তি: দ্য পাওয়ার, অপহরণ, ওয়েলকাম, নটসম্রাট প্রভৃতি। এর মধ্যে প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক পরিচালনাও করেন তিনি।
নানা পাটেকরকে ২০১৩ সালে পদ্মশ্রী সম্মাননা দেয় ভারত সরকার। এছাড়া একাধিকবার জাতীয় পুরস্কার বিজয়ী তিনি, পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও।