জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর নির্মাতা কাজল আরেফিন অমি সম্প্রতি টিম নিয়ে কক্সবাজারে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি ও রিলস ছড়িয়ে পড়ার পর দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়— তাহলে কি কাবিলা, পাশা, হাবু, নেহাল আর জাকিররা এবার কক্সবাজারে চিল করতে যাচ্ছে? অনেকে মনে করছেন, সিজন ৫–এর নতুন এপিসোডে হয়তো সেই চমক দেখা মিলবে।
তবে নাটকের এক্সিকিউটিভ প্রডিউসার তৌহিদ তালুকদার জানান, তারা আসলে ‘ব্যাচেলর ভাইবস’ নামে একটি কনটেন্টের শুটিং করতে কক্সবাজারে গিয়েছিলেন। তিনদিনব্যাপী এ শুটিং হয়েছে ‘অপ্পো এ সিক্স প্রো’ ফোনের সৌজন্যে। তিনি আরো জানান, নতুন কনটেন্টে একজন নারী শিল্পীও থাকছেন।
কনটেন্টটি আগামী ৩০ সেপ্টেম্বর বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে। প্রযোজনা সংস্থার বিশ্বাস, আগের মতো এবারও দর্শকরা দারুণ উপভোগ করবেন।
উল্লেখ্য, আট বছর ধরে প্রচারিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন ৫ বর্তমানে প্রচার হচ্ছে। এটি দেখা যাচ্ছে চ্যানেল আই, বুম ফিল্মস ইউটিউব চ্যানেল এবং বঙ্গ অ্যাপে। এরই মধ্যে অ্যাপে ৩০টির বেশি এপিসোড প্রচারিত হয়েছে, যা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
নতুন সিজনে ফিরেছেন জনপ্রিয় চরিত্র নেহাল ওরফে তৌসিফ মাহবুব। এছাড়া নতুনভাবে যুক্ত হয়েছেন শামীমা নাজনীন ও ইশতিয়াক আহমেদ রুমেল।
নির্মাতা কাজল আরেফিন অমি জানান, সামনে আরো কিছু সারপ্রাইজ চরিত্র আসতে পারে— এমনকি দর্শকরা দেখতে পেতে পারেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সবচেয়ে আলোচিত চরিত্র রোকেয়াকেও!