টরন্টোতে সেরা অভিনেত্রী জাইনিন

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রে এমন এক নারীর চরিত্রে অভিনয় করেছেন জাইনিন, যার ব্যক্তিগত আকাঙ্ক্ষা, পরিবারের প্রত্যাশা এবং নিজের শরীরের ওপর অধিকারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।

টরন্টোয় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (আইএফএফএসএ) ২০২৬-এ পুরস্কৃত হয়েছেন বাংলাদেশী অভিনেত্রী জাইনিন করিম চৌধুরী। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ‘বেস্ট অ্যাক্টর (ইন্টারন্যাশনাল ফিচার)’ বিভাগে এ পুরস্কার পেয়েছেন তিনি।

উৎসবটির এবারের আসর ৮-১৮ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজক সংস্থা সাউথ এশিয়ান স্ক্রিন কাউন্সিল অব কানাডা (এসএএসসি কানাডা)।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রে এমন এক নারীর চরিত্রে অভিনয় করেছেন জাইনিন, যার ব্যক্তিগত আকাঙ্ক্ষা, পরিবারের প্রত্যাশা এবং নিজের শরীরের ওপর অধিকারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এ দ্বন্দ্ব থেকে জন্ম নেয়া মানসিক অস্বস্তি ও টানাপড়েন চরিত্রটির মধ্য দিয়ে তুলে ধরেছেন তিনি। অসহায়ত্ব, চাপা ক্ষোভ ও প্রতিবাদী মনোভাবের প্রকাশ ঘটেছে তার অভিনয়ে।

নারীত্ব, দমনপীড়ন ও প্রতিরোধের মতো সংবেদনশীল বিষয় নিয়ে নির্মিত চলচ্চিত্রটিতে জাইনিনের অভিনয়ের নির্ভীকতা ও শারীরিক অভিব্যক্তি বিশেষভাবে উঠে এসেছে। চরিত্রটির মনস্তাত্ত্বিক গভীরতা ফুটিয়ে তোলার পাশাপাশি তার আবেগের পরিবর্তনও বাস্তবধর্মীভাবে তুলে ধরেছেন এ অভিনেত্রী।

খনা টকিজ প্রযোজিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ এর আগে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসব ও টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। আইএফএফএসএ টরন্টো ২০২৬-এ জাইনিনের এ পুরস্কার সিনেমাটির আন্তর্জাতিক যাত্রায় নতুন অর্জন যোগ করল।

আরও