‘অচেনা বউ’ হয়ে পর্দায় মিম চৌধুরী

এনডি আকাশের গল্পে নাটকটি পরিচালনা করেছেন বর্ণনাথ। এর আগে বর্ণনাথের পরিচালনায় আরো নাটকে অভিনয় করেছেন তিনি।

ছোট পর্দার অভিনেত্রী মিম চৌধুরী। নিয়মিত নাটকে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করেন তিনি। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় নিজের উপস্থিতি ধরে রেখেছেন এ অভিনেত্রী। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে তার নতুন নাটক অচেনা বউ। প্রকাশের পর নাটকটি দর্শকের মধ্যে সাড়া ফেলেছে।

এনডি আকাশের গল্পে নাটকটি পরিচালনা করেছেন বর্ণনাথ। এর আগে বর্ণনাথের পরিচালনায় আরো নাটকে অভিনয় করেছেন তিনি। অচেনা বউ নাটকটি প্রসঙ্গে মিম চৌধুরী বলেন, ‘নাটকের মূল গল্প আমাকে ঘিরে। এ কারণে কাজটি করেছি ভীষণ মনোযোগ দিয়ে। বর্ণনাথ দাদার পরিচালনায় এর আগেও নাটকে অভিনয় করেছি। প্রতিটি নাটকের জন্যই ভালো সাড়া পেয়েছি। তবে অচেনা বউ নাটকের গল্প অন্যরকম। দর্শক নাটকটি দেখলেই তা বুঝতে পারবেন।’

নাটকের চিত্রনাট্য বাছাইয়ের ক্ষেত্রে ভালো গল্পকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মিম। নিয়মিত কাজের প্রস্তাব পেলেও গল্পের ধরন বিবেচনা করে নাটক নির্বাচন করেন তিনি। বিশেষ করে পারিবারিক গল্পের নাটকে অভিনয়ের প্রতি আগ্রহ রয়েছে এ অভিনেত্রীর।

এ প্রসঙ্গে মিম চৌধুরী বলেন, ‘এখন অনেক নাটকের চিত্রনাট্য আসে। তবে আমিও চেষ্টা করি ভালো গল্পের নাটকে অভিনয় করতে। এখন পারিবারিক গল্পের নাটক নির্মাণ বাড়ছে। আমিও এ ধরনের নাটকে অভিনয় করতে চাই। সামনে আরো বেশ কয়েকটি নাটক প্রচারের অপেক্ষায় আছে। সেগুলো নিয়েও আমি আশাবাদী।’

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও নিয়মিত মিম চৌধুরী। বর্তমানে গ্লোবাল টেলিভিশনের একটি সংগীতবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি।

আরও