‘আনন্দ-উচ্ছ্বাসে বাকি জীবন পার করে দিতে চাই’

নতুন প্রজন্মের অনেক অভিনয়শিল্পী নিজেদের অবস্থান তৈরি করলেও নাটকে অপূর্বর জনপ্রিয়তা এখনো অটুট।

নাটকে রোমান্টিক ঘরানার অভিনেতা হিসেবে দীর্ঘদিন ধরে দর্শকের পছন্দের শীর্ষে রয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। প্রায় দুই দশকের অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক। এর মধ্যে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত কাজ। নতুন প্রজন্মের অনেক অভিনয়শিল্পী নিজেদের অবস্থান তৈরি করলেও নাটকে অপূর্বর জনপ্রিয়তা এখনো অটুট। এদিকে সিনেমা নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন এ অভিনেতা। পাশাপাশি দেশের বাইরেও সংগীতানুষ্ঠান নিয়ে ব্যস্ততা বাড়ছে তার।

নাটকের পাশাপাশি সিনেমায়ও অভিনয় করেছেন অপূর্ব। তবে নাটকই তার মূল জায়গা বলে মনে করেন এ অভিনেতা।

সিনেমা নিয়ে নতুন পরিকল্পনার বিষয়ে অপূর্ব বলেন, ‘সিনেমা নিয়ে পরিকল্পনা, কথাবার্তা হচ্ছে। এবার ভালো কিছুই হবে। এর বেশি কিছু আপাতত বলতে চাচ্ছি না।’ সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত জানাতে চান না তিনি।

নিজের পরবর্তী প্রজন্মের অভিনয়শিল্পীদের কাজের প্রশংসা করেন অপূর্ব। তার মতে, নতুনদের অনেকেই ভালো করছেন। তাদের কাজে পরিশ্রম ও মনোযোগের ছাপ স্পষ্ট। তবে নিজের অভিনয়জীবনের শুরুর সময়ের সঙ্গে বর্তমান সময়ের পার্থক্যও তুলে ধরেন তিনি।

অপূর্ব বলেন, ‘আমরা যে সময়টাতে কাজ শুরু করেছি, সেই সময়টাতে নাটকে অনেক কিংবদন্তি শিল্পীকে পেয়েছি। এখন তাদের অনেকেই নেই, আবার অনেকেই কাজও করছেন না। সেদিক দিয়ে আমি খুব লাকি।’

নতুন মৌলিক গল্পের সংকটকেও বর্তমান নাট্যাঙ্গনের অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করেন এ অভিনেতা। তার ভাষ্য, ‘আমাদের এখানে স্টোরিও আসলে লিমিটেড। নতুন নতুন মৌলিক গল্প পাওয়াও খুব কঠিন। তার পরও তারা নতুন নতুন গল্পের সন্ধানে থাকে, এটাও অনেক বড় বিষয়।’

দীর্ঘ অভিনয়জীবনে জনপ্রিয়তা পেলেও নিজের অবস্থান নিয়ে বিনয়ী অপূর্ব। তিনি বলেন, ‘আমি আগেও মাটিতে ছিলাম, এখনো মাটিতেই আছি। সবার সঙ্গে মিলেমিশে আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে বাকি জীবন পার করে দিতে চাই। নিজের সন্তানদের মানুষের মতো মানুষ করতে চাই।’

অভিনয়ের বাইরে সংগীতেও নতুন অভিজ্ঞতা হয়েছে অপূর্বর। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জীবনের প্রথম সংগীতসন্ধ্যা করেছেন তিনি। কোনো স্পন্সর ছাড়াই আয়োজিত এ অনুষ্ঠানের পর যুক্তরাষ্ট্রে আরো একটি একক সংগীতানুষ্ঠানে অংশ নেয়ার পরিকল্পনা রয়েছে তার। পাশাপাশি যুক্তরাজ্য ও কানাডায় অনুষ্ঠান আয়োজন নিয়েও আলোচনা চলছে। অক্টোবরের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে বৈঠকের পর এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে।

আরও