নব্বই দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গল্পে ‘চিরকুট’

একটি সত্য ঘটনার স্মৃতিকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় তুলে ধরা হয়েছে হারিয়ে যাওয়া সে সময়ের ক্যাম্পাস জীবন ও পরিবেশ।

নব্বই দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীদের জীবনযাপন, বন্ধুত্ব, প্রেম-ভালোবাসা ও আবেগের গল্প নিয়ে নির্মাণ হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র চিরকুট। একটি সত্য ঘটনার স্মৃতিকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় তুলে ধরা হয়েছে হারিয়ে যাওয়া সে সময়ের ক্যাম্পাস জীবন ও পরিবেশ। আগামী দুর্গা পূজাকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিচ্ছে সিনেমাটি।

ফিল্ম ম্যানিয়ার প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মুনতাসির আকিব। নব্বইয়ের দশকের ক্যাম্পাসের আবহ বর্তমান সময়ে পুনর্নির্মাণ করাটা নির্মাতার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। সময়ের ব্যবধানের পাশাপাশি সে সময়ের পোশাক-আশাক, ক্যাম্পাসের পরিবেশ, জীবনযাপন ও দৈনন্দিন নানা অনুষঙ্গ পর্দায় তুলে ধরতে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে।

সিনেমাটির ক্যাম্পাসের পরিবেশকে প্রাণবন্ত করে তুলতে অংশ নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। পেশাদার অভিনয়শিল্পীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির প্রায় ২৫০-৩০০ শিক্ষার্থী এতে অভিনয় করেছেন। এর মাধ্যমে নব্বই দশকের ক্যাম্পাসজীবনের আবহকে আরো বাস্তবভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

চিরকুটে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিমি, কাজী নওশাবা, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, সঞ্জিব আহমেদ, শাওন আশরাফ, ইকবাল, আজমল মিঠু, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, মাহিরা হাসান ও ইব্রাহিম সুজনসহ আরো অনেকে।

সিনেমার নস্টালজিক আবহ তৈরিতে সংগীতেও রাখা হয়েছে বৈচিত্র্য। চিরকুটে রয়েছে চারটি গান। গানগুলোয় কণ্ঠ দিয়েছেন রেহান রাসুল, মাশা, মেহেদী সরকার ও স্নেহাশিস চক্রবর্তী অভি।

সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গা পূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চিরকুট। নব্বই দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জীবন, সম্পর্ক ও সময়ের স্মৃতিকে ঘিরে নির্মিত এ সিনেমা বর্তমান প্রজন্মের দর্শকের সামনে সে সময়ের একটি চিত্র তুলে ধরবে।

আরও