পাঁচ বছরের বিরতির পর বলিউডের বহুল প্রতীক্ষিত রোমান্টিক অ্যাকশন ‘লাভ অ্যান্ড ওয়ার’ দিয়ে বড় পর্দায় ফিরছেন সঞ্জয় লীলা বানসালি। সিনেমাটিতে অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। সম্প্রতি তিন অভিনয়শিল্পীর চরিত্রের প্রথম পোস্টার প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ও বক্স অফিসে প্রত্যাশা বেড়েছে।
বড় বাজেট, বিশাল আয়োজন ও নান্দনিক দৃশ্যের জন্য বানসালির সিনেমাগুলো পরিচিত হলেও প্রথম দিনে বড় অঙ্কের ব্যবসা করার নজির খুব বেশি নেই। তবে বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, ‘লাভ অ্যান্ড ওয়ার’ সেই চিত্র বদলে দিতে পারে। তাদের মতে, এটি বানসালির ক্যারিয়ারের সর্বোচ্চ প্রথম দিনের আয় তো করতেই পারে, এমনকি হিন্দি সিনেমার অন্যতম বড় ওপেনিংও হতে পারে।
এখন পর্যন্ত বানসালির সবচেয়ে বড় ওপেনিংয়ের রেকর্ড ‘পদ্মাবত’-এর দখলে। সিনেমাটি প্রথম দিনে ১৯ কোটি রুপি আয় করেছিল, আর পেইড প্রিভিউসহ আয় ছিল ২৪ কোটি রুপি। বিহারের রূপবাণী সিনেমার প্রধান নির্বাহী বিশেক চৌহানের মতে, ‘লাভ অ্যান্ড ওয়ার’ এই রেকর্ড বড় ব্যবধানে ছাড়িয়ে যেতে পারে।
তিনি বলেন, বানসালির সর্বশেষ সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ মুক্তি পেয়েছিল ২০২২ সালে। এরপর টিকিটের দাম অনেক বেড়েছে। একইসঙ্গে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর তিন তারকাই অন্য সিনেমায় বড় সাফল্য পেয়েছেন। চৌহানের হিসাব, ‘লাভ অ্যান্ড ওয়ার’ অন্তত ৩০ কোটি রুপির ওপেনিং দিতে পারে। গান ভালো হলে এবং দর্শকের সঙ্গে ভালোভাবে সংযোগ তৈরি করতে পারলে আয় আরো বাড়তে পারে।
চৌহান বলেন, বানসালির সিনেমাগুলো সাধারণত বড় ওপেনিংয়ের জন্য তৈরি হয় না; বরং দীর্ঘ সময় প্রেক্ষাগৃহে চলে। তবে ‘লাভ অ্যান্ড ওয়ার’ আগের সিনেমাগুলোর চেয়ে আলাদা মনে হচ্ছে। বিশেষ করে রণবীরের প্রথম পোস্টারে রক্তাক্ত হাত নিয়ে গাড়ি চালানোর দৃশ্যকে তিনি ‘গ্যাংস্টার’ আবহের বলে উল্লেখ করেন। তার মতে, রণবীর-আলিয়া-ভিকির তারকাখ্যাতি ও বানসালির দর্শকপ্রিয়তা মিলিয়ে সিনেমাটি সহজেই ৩০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
আশীর্বাদ থিয়েটার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক ও চলচ্চিত্র প্রদর্শক অক্ষয় রাঠিও সিনেমাটি নিয়ে বড় প্রত্যাশার কথা জানিয়েছেন। তার মতে, বানসালির গল্প বলার দক্ষতা এবং বড় তারকাবহর সিনেমাটিকে বড় সাফল্য এনে দিতে পারে।
তিনি ‘দেবদাস’-এর শাহরুখ খান, মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রাইয়ের ত্রয়ীর সঙ্গে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর রণবীর, আলিয়া ও ভিকির তুলনা করেন। তার মতে, যুদ্ধের পটভূমিতে প্রেমের গল্পটি ভালোভাবে উপস্থাপন করা হলে দর্শকের সঙ্গে শক্তিশালী সংযোগ তৈরি করতে পারে। আর বানসালির স্বাভাবিক নান্দনিক নির্মাণশৈলী ঠিকভাবে ফুটে উঠলে সিনেমাটির সম্ভাবনা আরো বাড়ে।
‘লাভ অ্যান্ড ওয়ার’ ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
ভ্যারাইটি ইন্ডিয়া অবলম্বনে