অগ্রিম টিকিট বিক্রিতে থালাপতি বিজয়ের বাজিমাত

মুক্তির অপেক্ষায় আছে জোসেফ বিজয় (থালাপতি) অভিনীত ‘দ্য গোট—গ্রেটেস্ট অব অল টাইম’। ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

মুক্তির অপেক্ষায় আছে জোসেফ বিজয় (থালাপতি) অভিনীত ‘দ্য গোট—গ্রেটেস্ট অব অল টাইম’। ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি। তবে মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে চমক দেখাচ্ছে বিজয়ের সিনেমা। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের তামিল সিনেমার মধ্যে গোট হতে যাচ্ছে সবচেয়ে বড় হিট। কেননা মুক্তির আগেই সিনেমাটি অগ্রিম টিকিট বিক্রি থেকে তুলে নিয়েছে ৫ কোটি রুপি। 

এটি বিজয়ের অন্য সিনেমা থেকে ভিন্ন রকম হতে যাচ্ছে। কেননা প্রথমত, এ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ শুরু থেকেই দেখা গেছে। দ্বিতীয় বিষয় হলো বিজয় ঘোষণা দিয়েছেন তিনি রাজনীতি করবেন। তার রাজনৈতিক দল গঠনের কাজও শেষ। এখন তিনি রাজনীতিতেই আত্মনিয়োগ করবেন। হতে পারে গোট তার শেষ সিনেমা। সে কারণে দর্শকের আগ্রহ আরো কেন্দ্রীভূত হয়েছে। 

গোটের টিকিট বিক্রি শুরু হয়েছে শনিবার। বিক্রি শুরু হতে না হতেই এ সিনেমা তুলে নিয়েছে ৫ কোটি রুপি। এ তথ্য জানিয়েছে ভারতীয় সিনেমার বক্স অফিস বিশ্লেষক সাইট সাচনিল্ক। এখানেই শেষ নয়, টিকিট বিক্রির ট্রেন্ডিং গ্রাফ দেখাচ্ছে সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ বাড়ছে বৈ কমছে না। তাই বলা যায়, দিন যত যাবে সিনেমাটি তত বেশি আয় করবে।

তামিলনাড়ুতে এ বছর যে কয়টি সিনেমা আশা জাগিয়েছে, তার মধ্যে গোট অন্যতম। এ বছর মুক্তি পাওয়া তামিল সিনেমার মধ্যে সেরা ১০টি এখন পর্যন্ত ২০০ কোটি রুপি আয় করতে পারেনি। জুলাইয়ে মুক্তি পাওয়া ধানুষ অভিনীত ‘রায়ান’-এর আয় সর্বোচ্চ ১৬০ কোটি রুপি। সবচেয়ে হতাশ করেছে কমল হাসান অভিনীত ‘ইন্ডিয়ান টু’। আয় করেছে ১৫১ কোটি রুপি। মাত্র পাঁচটি সিনেমা আয় করেছে ১০০ কোটি রুপির বেশি। হতাশ করেছিল রজনীকান্তের ‘লাল সালাম’ও। আয় করেছিল মাত্র ৩৬ কোটি রুপি।

বিজয়ের সিনেমাটি আনছে এজিএস প্রডাকশনস। সিনেমাটির প্রচারে সব রকম চেষ্টাই তারা করছে। তামিলনাড়ুর বাইরে, হিন্দিতেও সিনেমাটির প্রচার হচ্ছে। অগ্রিম টিকিট বিক্রির বহর দেখে মনে হচ্ছে এ কাজে সফল হয়েছেন তারা। এখন দেখা যাক ২০০ কোটি রুপি পার করতে পারেন কিনা বিজয়।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও