ট্রলিংয়ের জবাবে আত্মবিশ্বাসী ক্যাটরিনা

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফও রেহাই পাননি বডি শেমিং থেকে। সন্তান জন্মের পর তার শারীরিক গঠন নিয়ে অনলাইনে কটূক্তি ছড়ালেও এবার নিজের আত্মবিশ্বাসের কথাই জানালেন অভিনেত্রী।

মাতৃত্ব একজন নারীর জীবনে নিয়ে আসে নতুন অভিজ্ঞতা ও বাস্তবতা। বদলে যায় শারীরিক গঠন, বদলায় প্রতিদিনের জীবনযাপনও। অথচ এ স্বাভাবিক পরিবর্তনকেই অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপের উপাদান বানিয়ে ফেলা হয়। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফও রেহাই পাননি বডি শেমিং থেকে। সন্তান জন্মের পর তার শারীরিক গঠন নিয়ে অনলাইনে কটূক্তি ছড়ালেও এবার নিজের আত্মবিশ্বাসের কথাই জানালেন অভিনেত্রী। তার স্পষ্ট বার্তা—অন্যের মন্তব্য যেন নিজের আত্মসম্মান কিংবা জীবনের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে না পারে।

সম্প্রতি লন্ডনে নিজের প্রসাধন সামগ্রীর ব্র্যান্ড ‘কে বিউটি’র প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডিজিটাল ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কথা বলেন ক্যাটরিনা। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নেতিবাচক মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যেকেরই একটা করে মতামত আছে। কিন্তু বাইরের এসব অর্থহীন আলোচনাকে যদি নিজের আত্মসম্মানের ওপর প্রভাব ফেলতে দেন, তাহলে নিজের সিদ্ধান্ত নিজে নেয়া কঠিন হয়ে পড়ে।’

নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব না দেয়ার পরামর্শ দিয়ে ক্যাটরিনা বলেন, ‘জীবনে এমন কিছু সময় আসবে, যখন পুরো পৃথিবী আপনার প্রশংসা করবে। আবার এমন সময়ও আসবে, যখন কেউ আপনার পাশে থাকবে না। তখন নিজের সবচেয়ে বড় সমর্থক হতে হবে নিজেকেই। নিজের জীবনের এ পরিবর্তনগুলোকে ভালোবাসতে শিখুন।’

ঘটনার সূত্রপাত গত মাসে আম্বানিদের গণেশ চতুর্থীর অনুষ্ঠানে ক্যাটরিনার উপস্থিতিকে কেন্দ্র করে। ২০২৫ সালের নভেম্বরে পুত্রসন্তান বিহানের জন্ম দেন তিনি। এরপর তার শারীরিক গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশে কটূক্তি শুরু হয়। মাতৃত্বের পর শরীরে স্বাভাবিক পরিবর্তনের বিষয়টি বিবেচনায় না নিয়েই অনেকে তাকে নিয়ে বিদ্রূপ করেন। এ সময় ক্যাটরিনার পাশে দাঁড়ান বিনোদনজগতের কয়েকজন তারকা। তাদের মধ্যে ছিলেন সালমান খান, হৃতিক রোশন, সমীরা রেড্ডি ও সৌন্দর্যা রজনীকান্ত। তার শারীরিক গঠন নিয়ে বিদ্রূপ এবং সৌন্দর্যের নির্দিষ্ট মানদণ্ডে মানুষকে বিচার করার প্রবণতার সমালোচনা করেন তারা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও