মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। সংগীত, চলচ্চিত্র কিংবা মঞ্চ পরিবেশনায় দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে কাজ করছেন তিনি। জনপ্রিয় গান ও আকর্ষণীয় কোরিওগ্রাফির সমন্বয়ে তার পরিবেশনা বরাবরই দর্শককে মুগ্ধ করেছে। এবার আবুধাবিতে ফিরছেন এ শিল্পী। ২০২৬ সালের ফর্মুলা ওয়ান ইতিহাদ এয়ারওয়েজ আবুধাবি গ্রাঁ প্রির রেস-পরবর্তী কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন তিনি।
ফর্মুলা ওয়ান মৌসুমের সমাপনী আয়োজন ঘিরে শুক্রবার অনুষ্ঠিত হবে লোপেজের এ বিশেষ পরিবেশনা। গ্রাঁ প্রির সপ্তাহান্তের বিনোদন সূচিতে তার অন্তর্ভুক্তি আয়োজনটিতে যোগ করেছে বাড়তি আকর্ষণ।
ইয়াস আইল্যান্ডে নিজের জনপ্রিয় গানগুলো নিয়ে হাজির হবেন এ সংগীতশিল্পী। তার পরিবেশনায় থাকছে অল আই হ্যাভ, ওয়েটিং ফর টুনাইট, লেটস গেট লাউড, এইন্ট ইট ফানি, আই অ্যাম রিয়েল, জেনি ফ্রম দ্য ব্লক, অন দ্য ফ্লোর ও সেভ মি টুনাইটের মতো গান। গান ও নাচের সমন্বয়ে জমজমাট এ পরিবেশনা অনুষ্ঠিত হবে ইয়াস আইল্যান্ডের ইতিহাদ লাইভে। আগে ভেন্যুটি ইতিহাদ পার্ক নামে পরিচিত ছিল। গ্রাঁ প্রির সপ্তাহে আবুধাবির বিনোদন আয়োজনের অন্যতম কেন্দ্র এ ভেন্যু।
লোপেজের নাম ঘোষণার মধ্য দিয়ে ‘ইয়াসালাম প্রেজেন্টেড বাই এতিসালাত’ বিনোদন সূচিতে যুক্ত হলো আরো একজন বড় তারকা। এ আয়োজনে বিশ্বমানের লাইভ সংগীতের সঙ্গে মিশে যায় ফর্মুলা ওয়ানের রোমাঞ্চকর আবহ। আবুধাবি গ্রাঁ প্রির সপ্তাহান্ত বিশ্ব ক্রীড়া ও বিনোদনজগতের অন্যতম প্রতীক্ষিত আয়োজন।
১৯৬৯ সালে পুয়ের্তো রিকান বংশোদ্ভূত মা-বাবার ঘরে জন্ম জেনিফার লোপেজের। নিউইয়র্কের ব্রঙ্কসের ক্যাসল হিল এলাকায় বেড়ে ওঠেন তিনি। ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল তার। ১৯৯০ সালে স্কেচ কমেডি অনুষ্ঠান ইন লিভিং কালারো ‘ফ্লাই গার্ল’ নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন লোপেজ। পরে সংগীতশিল্পী জ্যানেট জ্যাকসনের ব্যাকআপ ড্যান্সার হিসেবেও কাজ করেন তিনি।
১৯৯৭ সালে জীবনীভিত্তিক চলচ্চিত্র সেলেনাতে মার্কিন সংগীতশিল্পী সেলেনা কুইন্টানিলার চরিত্রে অভিনয় করে বড় পর্দায় ব্যাপক পরিচিতি পান লোপেজ। ১৯৯৯ সালে তার প্রথম অ্যালবাম অন দ্য সিক্স প্রকাশের মধ্য দিয়ে সংগীতজগতে যাত্রা শুরু হয়। এরপর ইফ ইউ হ্যাড মাই লাভ, ওয়েটিং ফর টুনাইট ও অন দ্য ফ্লোরের মতো গান তাকে আন্তর্জাতিক তারকাখ্যাতি এনে দেয়।
২০০১ সালে এক বিরল কৃতিত্ব অর্জন করেন লোপেজ। একই সপ্তাহে যুক্তরাষ্ট্রের সংগীত অ্যালবামের তালিকায় তার জে লো অ্যালবাম শীর্ষস্থান দখল করে। পাশাপাশি তার অভিনীত চলচ্চিত্র দ্য ওয়েডিং প্ল্যানারও বক্স অফিসে শীর্ষে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে এক নম্বর অ্যালবাম ও এক নম্বর চলচ্চিত্রের মালিক হওয়া প্রথম নারী হিসেবে ইতিহাস গড়েন তিনি।