সঞ্জয় লীলা বনসালি পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। চলতি মাসেই সিনেমাটি মুক্তি পাবে।
মুক্তির আগে এর প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন আলিয়া। সম্প্রতি সিনেমাটি প্রচারের জন্য ৩৭ হাজার রুপির শাড়ি পরেছেন এ বলিউড তারকা। জনপ্রিয় ডিজাইনার পুনিত বালানার নকশা করা শাড়ি দেশটির গণমাধ্যমের নজর কেড়েছে।
গতকাল নিজেই সিনেমা প্রচারের ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন আলিয়া। এতে দেখা যায়, অর্গানজা অফ হোয়াইট শাড়ির সঙ্গে মিলিয়ে লাল গোলাপ গুঁজে নিয়েছেন খোলা চুলে। শাড়িতে গাঙ্গুবাইয়ের আভা প্রকাশ করতেই এভাবে সবার নজর আসেন। পোস্টটির ক্যাপশনে আলিয়া লিখেছেন, গাঙ্গু আসছে, শুধু ২৫ ফেব্রুয়ারি থেকে সিনেমার পর্দায়।
গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির ট্রেলার বের হওয়ার পর থেকেই প্রশংসা পাচ্ছেন আলিয়া। সিনেমাটি ৭২তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে সিনেমটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। আগামীকাল শুরু হতে যাচ্ছে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৬ ফেব্রুয়ারি বার্লিনে সিনেমাটি দেখানো হবে। আলিয়া ভাট, সঞ্জয় লীলা বনসালি ও অন্যরা উপস্থিত থাকবেন।
এটিই সঞ্জয় লীলা বনসালির প্রথম সিনেমা, যেটি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের জন্য যাচ্ছে। তবে আলিয়া ভাটের জন্য নতুন বিষয় নয়। এ নিয়ে বার্লিনে তিনটি সিনেমা প্রদর্শিত হবে এ বলি তারকার। এর আগে হাইওয়ে ওগালিবয়
সিনেমাগুলো এ উৎসবে প্রদর্শিত হয়েছিল। তালিকায় যুক্ত হতে যাচ্ছেগাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি।
হোসেন জাইদির ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’
বইয়ের একটি অধ্যায় অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। ১৯৬০-এর সময়ে কামাথিপুরার একজন শক্তিশালী নারী গাঙ্গুবাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট। একজন সাধারণ নারীকে যৌন ব্যবসায় বাধ্য করা এবং পরে নিজের আধিপত্য বিস্তারের বিষয়টি উঠে এসেছে এ সিনেমায়। বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে সে কীভাবে নিজেকে রূপান্তর করে তা-ই দেখানো হয়েছে। ট্রেলারে যৌনকর্মী ও
ডনরূপী আলিয়াকে দেখে সহশিল্পীরা প্রশংসায় ভাসাচ্ছেন আলিয়াকে। মহেশ ভাট, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, অনিল কাপুর প্রমুখ রয়েছেন এ তালিকায়। সিনেমাটির ট্রেলার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন দীপিকা ও ক্যাটরিনা। করোনাভাইরাসের কারণে সিনেমাটির মুক্তি নিয়ে বিভিন্ন সংবাদ এলেও নির্মাতা জানান, ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। এখন শুধু সময়ের অপেক্ষা।
সূত্র: বলিউড হাঙ্গামা