ভারতের নানা ভাষার পর এবার দক্ষিণ কোরিয়ায় রিমেক হচ্ছে দৃশ্যম। ভারতীয় প্রডাকশন ব্যানার প্যানোরামা স্টুডিও ও দক্ষিণ কোরিয়ার অ্যান্থোলজি স্টুডিও যৌথভাবে এ ঘোষণা দিয়েছে। প্যানোরামার প্রধান কুমার মঙ্গত পাঠক ও কোরিয়ান অ্যান্থলজির পক্ষে জে চোই রোববার এ ঘোষণা দেন। কান চলচ্চিত্র উৎসব চলাকালীন ইন্ডিয়া প্যাভিলিয়ন থেকে তারা এ ঘোষণা দেন। সেখানে জানানো হয় দুই স্টুডিও মিলে দৃশ্যম ফ্র্যাঞ্চাইজির কোরিয়ান সংস্করণ নির্মাণে কাজ করবে।
দৃশ্যম বর্তমানে ভারতের অন্যতম সেরা ক্রাইম থ্রিলারে পরিণত হয়েছে। ২০১৩ সালে সিনেমাটি নির্মাণ করেছিলেন জিতু জোসেফ। জর্জ কুট্টির চরিত্রে অভিনয় করেছিলেন মোহনলাল। সিনেমাটি মালয়ালমে জনপ্রিয়তা পাওয়ার পর ২০১৫ সালে মুক্তি পায় নিশিকান্ত কামাত পরিচালিত ‘দৃশ্যম’। এর আগে কন্নড়ে ‘দৃশ্য’ ও তেলেগুতে ‘দ্রুশ্যম’ নির্মিত হয় ২০১৪ সালে। ২০১৫ সালে মুক্তি পায় তামিলে নির্মিত ‘পাপানাসম’। নিশিকান্ত কামাত পরিচালিত দৃশ্যমে অভিনয় করেছিলেন অজয় দেবগন, শ্রেয়া সরন, তাবু ও রজত কাপুর। মূল সিনেমার চেয়েও কামাতের সিনেমাটি ভারত ও ভারতের বাইরে দৃশ্যমকে আরো বড় পরিসরে পরিচয় করিয়ে দেয়। এরপর ২০২১ সালে দৃশ্যমের সিকুয়াল মুক্তি পায় ও ২০২২ সালে বলিউডে রিমেক হয়েছিল। এবার পুরো ফ্র্যাঞ্চাইজি নিয়েই এগোতে চায় কোরিয়া।
কুমার মঙ্গতের মতে এটিই প্রথম ভারতীয় সিনেমা যা কোরিয়ায় রিমেক হতে যাচ্ছে। এর আগে ভারতের কোনো সিনেমা সেখানে পুনর্নির্মাণ হয়নি। এ প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে কুমার মঙ্গত বলেন, ‘আমি উচ্ছ্বসিত যে দৃশ্যম ফ্র্যাঞ্চাইজিটি কোরিয়ান ভাষায় তৈরি হচ্ছে। এটি হিন্দি চলচ্চিত্রের জন্য প্রথম। এটি শুধু ভারতের বাইরে এর বাজার বাড়াবে না, বরং হিন্দি সিনেমাকে বিশ্ব মানচিত্রে তুলে ধরবে।’
কুমার মঙ্গত পাঠক মূলত দৃশ্যম টুয়ের প্রযোজক হিসেবে ছিলেন। নিশিকান্ত কামাতের মৃত্যুর কারণে দৃশ্যম টুয়ের রিমেক পরিচালনা করেছিলেন মঙ্গতের ছেলে অভিষেক পাঠক। জিতু জোসেফ ও নিশিকান্তের সুনাম অক্ষুণ্ন রেখেছেন তিনি। এরপর প্যানোরামার সূত্র ধরে কোরিয়ান স্টুডিওর সঙ্গে যুক্ত হওয়ার কারণে মঙ্গত পাঠক হিন্দি সিনেমা হিসেবে দৃশ্যমকে উল্লেখ করেছেন। এ নিয়ে জিতু জোসেফ এখনো কিছু বলেননি।
কোরিয়ান সংস্করণে অভিনয় করবেন প্যারাসাইট সিনেমার অভিনেতা সং কাং-হো। এছাড়া পরিচালক হিসেবে থাকবেন কিম জি-উন। এমনটাই বলা হচ্ছে, কারণ চোইয়ের সঙ্গে অ্যান্থোলজি স্টুডিও প্রতিষ্ঠা করেছিলেন তারা। এরা বলছেন, সিনেমাটি নির্মাণে সহযোগিতার জন্য তারা উচ্ছ্বসিত।
চোই বলেন, ‘কোরিয়ান সিনেমার মৌলিকতার ছোঁয়া রেখে একটি সফল হিন্দি সিনেমা রিমেক করার সুযোগ পেয়ে আমরা রোমাঞ্চিত। এছাড়া কোরিয়া ও ভারতের মধ্যে প্রথম বড় সহপ্রযোজনা হিসেবে রিমেকের গুরুত্ব আরো বেশি। আমাদের অংশীদারত্বের মাধ্যমে কাজটি করতে আমরা সক্ষম হব।’ এছাড়া ওয়ার্নার ব্রোসের সাবেক এক্সিকিউটিভ, জ্যাক নগুয়ের থাকবেন নির্বাহী প্রযোজক হিসেবে।
সূত্র: ইয়ন