আসছে সুনেরাহর ‘অজানা অধ্যায়’

নাটকের গল্পে ইতির বাবা অসুস্থ, বড় বোনও অসহায়। পরিবারের দায়িত্ব একা কাঁধে তুলে নেয় সে। প্রতিদিন চাকরির কথা বলে বাড়ি থেকে বের হলেও বাস্তবে কোনো চাকরি করে না ইতি।

অভিনয়ে বৈচিত্র্য আর চরিত্রের ভিন্নতা দিয়ে দর্শকের মনোযোগ কেড়েছেন সুনেরাহ বিনতে কামাল। পর্দায় প্রতিবার নতুনভাবে নিজেকে তুলে ধরার চেষ্টাও থাকে এ অভিনেত্রীর। সেই ধারাবাহিকতায় এবার ‘অজানা অধ্যায়’ নামে একটি একক নাটকে অভিনয় করেছেন তিনি। এতে ইতির চরিত্রে দেখা গেছে তাকে, যে পরিবারের দায়িত্ব সামলাতে গিয়ে জড়িয়ে পড়ে অন্ধকার এক জগতে।

নাটকের গল্পে ইতির বাবা অসুস্থ, বড় বোনও অসহায়। পরিবারের দায়িত্ব একা কাঁধে তুলে নেয় সে। প্রতিদিন চাকরির কথা বলে বাড়ি থেকে বের হলেও বাস্তবে কোনো চাকরি করে না ইতি। পরিবারের আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সমাজের বিত্তবানদের সঙ্গে সময় কাটিয়ে অর্থ উপার্জন করে সে। একসময় ইতির প্রেমিক তার জীবনের এ অজানা অধ্যায় সম্পর্কে জানতে পারে। সত্যটি জানার পর দিশেহারা হয়ে পড়ে সে। ইতিকে কীভাবে এ পথ থেকে ফিরিয়ে আনা যায়, তা নিয়ে তৈরি হয় সংকট। এভাবেই গল্পে একের পর এক নতুন ঘটনা সামনে আসে।

নাটকটি নির্মাণ করেছেন জহিরুল ইসলাম নীরব। কাহিনী ও চিত্রনাট্যও তার লেখা। এতে সুনেরাহর বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। আরো রয়েছেন দিলরুবা হোসেন দোয়েল, সাহেদ আলী, মঞ্জু রহমান, রিপন, শফিক ও ইমন। সম্প্রতি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে নাটকটি।

‘অজানা অধ্যায়’ নিয়ে সুনেরাহ বিনতে কামাল বলেন, ‘ক্যারিয়ারে নানা ধরনের গল্প ও চরিত্রে অভিনয়ের সুযোগ হয়েছে। “‍অজানা অধ্যায়” নাটকের কাহিনী ও ইতি চরিত্রটি আগের সব নাটক থেকে অনেকটা আলাদা। চেষ্টা করেছি সাবলীল অভিনয়ের মধ্য দিয়ে চরিত্রটি দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে। গল্প, চরিত্র, নির্মাণ ও সহশিল্পীদের অভিনয় মিলিয়ে নাটকটি অনেকের মনে ছাপ ফেলবে বলে আশা করছি।’ আরশ খানের সঙ্গে জুটি হয়ে অভিনয় প্রসঙ্গে সুনেরাহ জানান, নির্মাতারা মূলত দর্শকের প্রত্যাশা পূরণে নতুন সব জুটি গড়েন। আরশের সঙ্গে অভিনয়ের শুরু থেকেই জুটি হিসেবে তাদের পছন্দ করেছেন সবাই। এ কারণে নির্মাতারা তাদের নিয়ে নতুন নতুন গল্প তুলে ধরতে চাইছেন।

আরও