তবে গান ও গিটারবাদনের মধ্য দিয়ে এখনো শ্রোতাদের কাছে সমানভাবে প্রাসঙ্গিক তিনি। জন্মদিনে আইয়ুব বাচ্চুকে স্মরণ করে তার জনপ্রিয় ২০টি গান নতুন সংগীতায়োজনে প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।
‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘মাধবী’, ‘সেই তুমি’, ‘কষ্ট পেতে ভালোবাসি’সহ ২০টি গান নিয়ে তৈরি হয়েছে অ্যালবাম ‘উত্তরাধিকার’। এতে দেশের আটটি ব্যান্ড ও ১২ জন শিল্পী অংশ নিয়েছেন। আজ ডাবল সিডি ও ডিজিটাল প্লাটফর্মে আসবে অ্যালবামটি। এ প্রকল্প থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম তৈরির কাজে।
আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ‘চলো বদলে যাই’ গানটি নতুন করে গেয়েছে ব্যান্ড শুভযাত্রা। ব্যান্ডটির ভোকাল শুভ বলেন, ‘সত্যি বলতে, এটা একটা ইমোশনাল জার্নি। বাচ্চু ভাইয়ের গান এমনিতে কাভার করা একরকম বিষয়, কিন্তু আনুষ্ঠানিকভাবে জানানোর পর কিছুটা ভয় লাগছিল। চন্দনা ভাবী বললেন, চলো বদলে যাই গানটা তুমি ভালো করবে। এরপর আমরা নেমে পড়লাম। টানা পাঁচদিনে গানটি নতুন সংগীতায়োজনে তৈরি করেছি। জানি না শ্রোতাদের কেমন লাগবে, তবে আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না।’
আইয়ুব বাচ্চুর স্মৃতি ধরে রাখতে দীর্ঘদিন ধরে একটি মিউজিয়াম তৈরির পরিকল্পনা করছে তার পরিবার ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। বর্তমানে মগবাজারের বাসায় সংরক্ষিত আছে তার প্রায় ৫০টি গিটার। ফেন্ডার স্ট্রাটোকাস্টার ও আইভানেজের জেম সেভেনটি সেভেনসহ এসব গিটারের পাশাপাশি এবি কিচেনের বিভিন্ন যন্ত্রপাতি, ব্যবহৃত ক্যাপ, টি-শার্টসহ নানা স্মারক মিউজিয়ামে রাখার পরিকল্পনা রয়েছে।
ফেরদৌস আক্তারের তত্ত্বাবধানে গিটারগুলো নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা হচ্ছে।
পরে তার ২০টি গান নতুন সংগীতায়োজনে প্রকাশের সিদ্ধান্ত হয়। আজ বেলা ৩টায় এ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।