আরি অ্যাস্টারের সিনেমায় জ্যাকব এলর্দি?

পরিচালক আরি অ্যাস্টার নিয়ে আসছেন নতুন সিনেমা। নাম ‘স্কেপগোট’। সিনেমাটির অভিনেতা হিসেবে আলোচনায় আছেন জ্যাকব এলর্দি।

স্কারলেট জোহানসনের বিপরীতে কাস্ট করা হবে তাকে, এমন কথাই বলছে হলিউডের গণমাধ্যমগুলো। এরই মধ্যে স্কারলেট জোহানসনকে কাস্ট করা হয়েছে। সিনেমাটি প্রযোজনা করছে ‘‌এটোয়েন্টিফোর’। স্কেপগোটে এলর্দির সম্ভাব্য যুক্ত হওয়ার খবরটি প্রথম প্রকাশ করে ডেডলাইন।

স্কেপগোটের গল্প এখনো প্রকাশ করা হয়নি। তবে এর কাহিনী নিয়ে এরই মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, সিনেমাটির গল্প এমন এক চিকিৎসককে ঘিরে, যিনি ইন্টারনেটে ব্যাপক পরিচিত একজন ব্যক্তির অস্ত্রোপচার করেন। আবার কারো মতে, এটি একটি সায়েন্স ফিকশন রোমান্স। অন্যদিকে কেউ কেউ মনে করছেন, অ্যাস্টারের অন্যান্য কাজের তুলনায় এটি অনেক বেশি প্রচলিত ধাঁচের একটি ড্রামা।

সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও আরি অ্যাস্টারই রচনা করছেন। তাদের প্রযোজনা প্রতিষ্ঠান স্কয়ার পেগের ব্যানারে প্রযোজনা করবেন লার্স নুডসেন।

অস্ট্রেলীয় অভিনেতা জ্যাকব এলর্দির জন্য বছরটা খুবই ব্যস্ততায় যাচ্ছে। এইচবিওর ‘ইউফোরিয়া’, ‘দ্য কিসিং বুথ’ সিনেমাগুলো এবং ‘সল্টবার্ন’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া এলর্দি ২০২৬ সালের শুরুতেই বড় সাফল্য পান। নেটফ্লিক্সের জন্য গিয়ের্মো দেল তোরোর ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি অস্কারে মনোনয়ন পাওয়ার পাশাপাশি গোল্ডেন গ্লোবেও মনোনয়ন পান। এছাড়া প্রাইম ভিডিওর লিমিটেড সিরিজ ‘দ্য ন্যারো রোড টু দ্য ডিপ নর্থ’-এর জন্যও দ্বিতীয়বারের মতো গোল্ডেন গ্লোব মনোনয়ন পান তিনি।

পুরস্কারের মৌসুমে বিভিন্ন আয়োজনে অংশ নেয়ার পাশাপাশি এলর্দি একই সময় ‘ওয়েদারিং হাইটস’ সিনেমার বিশ্বব্যাপী প্রচারণায় অংশ নেন। নির্মাতা এমেরাল্ড ফেনেলের পরিচালনায় সিনেমাটি এমিলি ব্রন্টির বিখ্যাত গথিক রোমান্স উপন্যাসের নতুন রূপায়ণ। ওয়ার্নার ব্রাদার্সের এ সিনেমায় এলর্দির সঙ্গে অভিনয় করেছেন মার্গট রবি, যিনি সিনেমাটির প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন। ৮০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী ২৪০ মিলিয়ন ডলারের বেশি আয় করে বক্স অফিসে সাফল্য পায়।

এরপর বসন্তে ইউফোরিয়ার তৃতীয় ও শেষ মৌসুমের মাধ্যমে জনপ্রিয় এ সিরিজে নিজের অধ্যায় শেষ করেন এলর্দি। তার পরবর্তী সিনেমা রিডলি স্কট পরিচালিত ‘দ্য ডগ স্টারস’। টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওজের প্রযোজনায় নির্মিত এ পোস্ট-অ্যাপোক্যালিপটিক সারভাইভাল থ্রিলারটি পিটার হেলারের বেস্টসেলিং উপন্যাস অবলম্বনে তৈরি। সিনেমাটি ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

সূত্র: ডেডলাইন

আরও