আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

বিষয়টি নিশ্চিত করে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা গণমাধ্যমকে বলেন, গতকাল পরীমনির বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে আদেশ দেন।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে করা এ মামলায় গতকাল বুধবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। এর এক দিন পর আজ বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পান তিনি।

আজ বেলা ১১টা ৪০ মিনিটে আদালত প্রাঙ্গণে একটি সাদা ব্যক্তিগত গাড়িতে আসেন পরীমনি। ১১টা ৫৫ মিনিটে আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন তিনি। পরে জামিনের আবেদন করলে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা গণমাধ্যমকে বলেন, গতকাল পরীমনির বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে আদেশ দেন।

গতকাল মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও আদালতে উপস্থিত হননি পরীমনি। তার পক্ষে সময় চেয়ে আবেদন করা হয়েছিল। তবে আদালত আবেদনটি নামঞ্জুর করে তার জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি বলে জানিয়েছিলেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত। গতকাল গণমাধ্যমকে তিনি জানান, অ্যালার্জিজনিত সমস্যায় অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি তার মক্কেল। এ কারণে পরবর্তী শুনানির দিন ধার্যের আবেদন করা হয়েছিল।

আদালত সূত্রে জানা যায়, গতকাল মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে পরীমনিসহ তিন আসামির জামিন বাতিলের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

এ মামলায় এর আগেও পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। গত বছরের ২৬ জানুয়ারি মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সেদিন আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। পরে আত্মসমর্পণ করে জামিন পান এ চিত্রনায়িকা।

আরও