ব্যাচেলরদের দৈনন্দিন জীবনের নানা মজার ও হাস্যরসাত্মক গল্প নিয়ে নির্মিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। বর্তমানে প্রচার হচ্ছে এর পঞ্চম সিজন, যার ১২টি চ্যাপ্টার (প্রতি চ্যাপ্টারে ৮টি পর্ব) ইতোমধ্যে দর্শকরা দেখে ফেলেছেন। এবার আসছে নাটকটির ১৩তম চ্যাপ্টার, যা সাজানো হয়েছে চলমান ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে।
এ চ্যাপ্টারে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠ মাতাবেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর তারকারা। আর এ বিশেষ ম্যাচটিকে ঘিরেই আবর্তিত হবে নতুন চ্যাপ্টারের গল্প। তবে সবচেয়ে বড় চমক হলো, সাধারণ দর্শকরাও সরাসরি গ্যালারিতে বসে এই ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন।
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি শেয়ার করেছেন জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। ফেসবুকে একটি পোস্টার প্রকাশ করে তিনি লিখেছেন, "আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের উত্তেজনাপূর্ণ লড়াই এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ।"
প্রকাশিত পোস্টারে দেখা যায়, ব্যাচেলররা দুই ভাগে বিভক্ত হয়ে দুই দেশের জার্সি পরে আছেন। ব্রাজিল শিবিরে লড়বেন জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল ও শামীম হাসান সরকার। অন্যদিকে আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে মাঠ কাঁপাতে প্রস্তুত তৌসিফ মাহবুব, চাষী আলম ও মারজুক রাসেল।
জানা গেছে, মাঠের মূল লড়াইয়ে প্রতি দলে ৭ জন করে খেলোয়াড় অংশ নেবেন। তাঁদের পাশাপাশি নাটকের অন্যান্য কুশীলবরাও মাঠে উপস্থিত থাকবেন। বরাবরের মতো এবারও ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে এই চ্যাপ্টারের জন্য অগ্রিম বুকিংয়ের ব্যবস্থা থাকছে। যারা এই চ্যাপ্টারটি দেখার জন্য আগাম বুকিং করবেন, তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১০০ জন ভাগ্যবান দর্শককে মাঠে বসে খেলা দেখার টিকিট দেওয়া হবে। প্রিয় তারকাদের এমন মুখোমুখি লড়াই সরাসরি দেখার সুযোগ পেয়ে ভক্তদের মাঝেও তুমুল উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।
উল্লেখ্য, কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা, মুসাফির সৈয়দ বাচ্চু, আরফান মৃধা শিবলু, শিমুল শর্মা, লামিমা লামসহ একঝাঁক তারকা।