অভিনয়ের শুরুটা ‘মিশন এক্সট্রিম’ দিয়ে। এরপর আরো কয়েকটি সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। সর্বশেষ তাকে দেখা গেছে ‘নূর’ সিনেমায়। এবার শাকিব খানের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন ‘সোলজার’ সিনেমায়। সিনেমাটির কিছু অংশের শুটিং এখনো বাকি। শিগগিরই শুরু হবে নতুন ধাপের কাজ। চরিত্রের প্রয়োজনেই নিজেকে প্রস্তুত করছেন ঐশী, বাড়াচ্ছেন ওজনও।
সোলজার নিয়ে কাজের অগ্রগতি জানিয়ে তিনি বলেন, ‘অনেকটা শুটিং হয়ে গেছে। কিছু অংশ বাকি আছে। শিগগিরই আবার শুটিং শুরু হবে। চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছি, ওজনও বাড়াতে হচ্ছে।’
সিনেমাটির সিনেমাটোগ্রাফার খসরুর সঙ্গে দীর্ঘদিন পর কাজের অভিজ্ঞতাও ভালো লাগছে বলে জানান ঐশী। তিনি বলেন, ‘খসরুর সঙ্গে প্রায় সাত বছর পর কাজ করছি। তিনি খুব ভালো ও সহযোগিতাপরায়ণ। তার সঙ্গে কাজ করে ভালো লাগছে।’
শাকিব খানের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘এর আগে পরিচয় ছিল না। প্রথম দিন সেটে গিয়ে দেখি, তিনি সোলজার লুকে প্রস্তুত হয়ে ক্যামেরার সামনে। এরপর সরাসরি শুটিং করি। শুটিংয়ের পর শাকিব ভাই আমার সঙ্গে কথা বলেছেন, কাজ নিয়ে পরামর্শ দিয়েছেন। কীভাবে আরো ভালো করা যায়, তা নিয়ে আলোচনা করেছেন। তার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। সহশিল্পী হিসেবে তিনি বেশ সহযোগিতাপরায়ণ।’
এখন পর্যন্ত শাকিবের সঙ্গে প্রায় ১০ দিন শুটিং করেছেন ফেরদৌস ঐশী। সে সময়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘তিনি খুব পেশাদার এবং সিনেমা নিয়ে ভীষণ মনোযোগী। সেটে থাকলে সবসময় সিনেমা নিয়েই ভাবেন।’
সোলজার নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন ঐশী। তার ভাষ্য, ‘প্রত্যাশা তো আছেই। শাকিব খান দেশের বড় তারকা, তার অনেক দর্শক। পরিচালকও ভালোভাবে কাজ করছেন। আমার চরিত্রেও অভিনয়ের সুযোগ আছে। আশা করছি দর্শকের ভালো লাগবে। মনে করি, সোলজার আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।’
অভিনয়ের প্রতি আগ্রহ অবশ্য নতুন নয় ঐশীর। ছোটবেলা থেকেই সিনেমা দেখা ও অভিনেত্রীদের অভিনয়ের প্রতি আকর্ষণ অনুভব করতেন তিনি। ঐশী বলেন, ‘ছোটবেলা থেকেই সিনেমা দেখতাম এবং অভিনেত্রীদের অভিনয় ভালো লাগত। মনে হতো, বড় হয়ে আমিও অভিনয় করব। পরে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেয়ার পর সে স্বপ্ন আরো দৃঢ় হয়।’
কাজের ক্ষেত্রে একই ধরনের চরিত্রে নিজেকে আটকে রাখতে চান না এ অভিনেত্রী। বরং চ্যালেঞ্জিং ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করার ইচ্ছা তার। তিনি বলেন, ‘চ্যালেঞ্জিং ও বৈচিত্র্যময় চরিত্র করতে চাই। একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করতে চাই না। এমন কাজ করতে চাই, যা দেখে দর্শক চরিত্রটি নিয়ে ভাববে।’