প্রদর্শনী ও নাটক নিয়ে ‘নিজেরা করি’র বিশেষ আয়োজন

৩১ অক্টোবর বিকাল ৫টায় রবীন্দ্র সরোবরে আয়োজিত হবে ‘ভূমির নাট্যকথা’। এই আয়োজনে থাকবে ভূমিহীন মানুষের লেখা ও পরিবেশনায় গান ও নাটক।

সামাজিক সংগঠন ‘নিজেরা করি’। গত ৪৫ বছর ধরে ভূমিহীন মানুষদের স্বাধীন ও স্বতন্ত্র আন্দোলনে পাশে থেকেছে তারা। ৪৫ বছর পূর্তি উপলক্ষে একটি প্রদর্শনী ও নাটক নিয়ে আসছে তারা। এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের ভূমিহীন মানুষের সংগ্রাম, অর্জন ও জীবন-অভিজ্ঞতা তুলে ধরা হবে।

আগামীকাল শুরু হচ্ছে প্রদর্শনী ‘প্রান্তিকের কল্পজগৎ’। ৩১ তারিখ পর্যন্ত বেঙ্গল শিল্পালয়ে চলবে। প্রদর্শনীতে শিল্পের মাধ্যমে ভূমিহীন মানুষের অভিজ্ঞতা ও রাজনৈতিক কল্পনাকে তুলে ধরা হবে। ভূমিহীন সংগঠনের সদস্যরা বৃত্ত আর্টস ট্রাস্টের শিল্পীদের সঙ্গে মিলে শিল্পকর্মগুলো তৈরি করেছেন। প্রদর্শনীটি কিউরেট করেছেন মাহবুবুর রহমান।

৩১ অক্টোবর বিকাল ৫টায় রবীন্দ্র সরোবরে আয়োজিত হবে ‘ভূমির নাট্যকথা’। এই আয়োজনে থাকবে ভূমিহীন মানুষের লেখা ও পরিবেশনায় গান ও নাটক। তাদের জীবন ও সংগ্রামের অভিজ্ঞতা থেকে তৈরি এসব সাংস্কৃতিক পরিবেশনা দীর্ঘদিন ধরে মানুষকে সংগঠিত করতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং সম্মিলিত প্রতিরোধের শক্তি ধরে রাখতে ভূমিকা রেখে আসছে।

বার্ষিকীর অনুষ্ঠানগুলোতে অধিকারকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত থাকবেন। তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে অধিকার, সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার চলমান সংগ্রাম নিয়ে ভাবনার সুযোগ তৈরি হবে।

বাংলাদেশের গ্রামীণ এলাকার ভূমিহীন মানুষের সঙ্গে কাজ করে ‘নিজেরা করি’। ঋণ দেওয়া বা প্রচলিত সেবাদানভিত্তিক কার্যক্রম পরিচালনার পরিবর্তে সংগঠনটি ভূমিহীন মানুষকে নিজেদের সংগঠন গড়ে তুলতে, অধিকার সম্পর্কে সচেতন হতে এবং সম্মিলিতভাবে নিজেদের অধিকার আদায়ে কাজ করতে সহায়তা করে। সংগঠনটি বর্তমানে ১৩টি জেলার ১ হাজার ৯৬টি গ্রামে ১১ হাজার ৫৮৩টি ভূমিহীন দলের সঙ্গে কাজ করছে। এসব দলের মোট সদস্য ২ লাখ ৩৩ হাজার ৯১৭ জন।

আরও