অ্যান হ্যাথাওয়ে ও একদল ক্ষুধার্ত ডাইনোসরের প্রতিযোগিতা সামলে গত শুক্রবারও হলিউড বক্স অফিসের শীর্ষে ছিল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।
ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, ওয়ার্নার ব্রাদার্সের সায়েন্স ফিকশন থ্রিলার ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ মুক্তির প্রথম দিনে উত্তর আমেরিকার ৩ হাজার ৪৪৬টি প্রেক্ষাগৃহ থেকে ৮১ লাখ ডলার আয় করে দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রতিদ্বন্দ্বী স্টুডিওগুলোর ধারণা, রোববার পর্যন্ত সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রায় ১ কোটি ৮৭ লাখ ডলার আয় করতে পারে। ৮ কোটি ডলারের বেশি বাজেটে নির্মিত সিনেমাটির জন্য এটি কিছুটা দুর্বল সূচনা।
তবে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’-এর প্রতি দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া ইতিবাচক। রটেন টমেটোসে এর স্কোর ৮৪ শতাংশ এবং সিনেমাস্কোরের দর্শক জরিপে পেয়েছে ‘বি’ গ্রেড। ফলে সিনেমাটি প্রেক্ষাগৃহে দীর্ঘ সময় ধরে দর্শক টানতে পারলে বড় বাজেটের চাপ কিছুটা সামাল দেয়া সম্ভব হতে পারে।
‘ইট ফলোজ’-খ্যাত ডেভিড রবার্ট মিচেল ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’-এর চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন। সিনেমাটিতে দেখা যায়, শহরতলির একটি পরিবারের বসবাসের এলাকা হঠাৎ করেই প্রাগৈতিহাসিক যুগে চলে যায়। এতে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, ইয়ান ম্যাকগ্রেগর, মেইসি স্টেলা, ক্রিশ্চিয়ান কনভেরি ও জর্ডান অ্যালেক্সা ডেভিস।
এ সপ্তাহান্তের আরেক বড় নতুন সিনেমা ‘প প্যাট্রোল: দ্য ডাইনো মুভি’ সাড়ে ৭৩ লাখ ডলার আয় করে তৃতীয় অবস্থানে রয়েছে। প্যারামাউন্টের এই অ্যানিমেটেড পারিবারিক সিনেমাটি সপ্তাহান্তে প্রায় ২ কোটি ডলার আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শুক্রবার শুধু উত্তর আমেরিকাতেই ১ কোটি ৯০ লাখ ডলার আয় করে শীর্ষস্থান ধরে রেখেছে। মুক্তির তৃতীয় সপ্তাহান্ত শেষে সিনেমাটির আয় প্রায় ৬ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছাতে পারে। গত সপ্তাহের তুলনায় এই আয় প্রায় ৫৩ শতাংশ কম হলেও, এতে সিনেমাটির উত্তর আমেরিকার মোট আয় প্রায় ৭৮ কোটি ৩০ লাখ ডলারে পৌঁছাবে।
এদিকে ‘দ্য ওডিসি’ও ভালো ব্যবসা ধরে রেখেছে। ক্রিস্টোফার নোলানের পরিচালিত গ্রিক মহাকাব্যনির্ভর সিনেমাটি মুক্তির পঞ্চম সপ্তাহান্তে শুক্রবার আরো ৬৫ লাখ ডলার আয় করেছে। সপ্তাহান্ত শেষে আয় হতে পারে প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার। এতে উত্তর আমেরিকায় সিনেমাটির মোট আয় দাঁড়াবে প্রায় ৫০ কোটি ৪০ লাখ ডলার।