ইতালির লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত সিনেমা ‘মাস্টার’। উৎসবের ২২তম আসরের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে এ স্বীকৃতি পেয়েছে সিনেমাটি। এর আগে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়ে আলোচনায় আসে মাস্টার।
৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানান নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘সুদূর তাসকানি থেকে কী দারুণ একটি খবর এল কিছুক্ষণ আগে! লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালের সেরা চলচ্চিত্রের পুরস্কারটি আমরা জিতে নিয়েছি! এ অর্জন মাস্টার সিনেমাটির সর্বজনীনতা ও প্রাসঙ্গিকতার আরেকটি প্রমাণ।’
প্রতিযোগিতায় থাকা অন্য সিনেমাগুলোর মধ্য থেকে মাস্টারকে নির্বাচিত করায় জুরি সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান সুমিত। পুরস্কার দেয়ার কারণ ব্যাখ্যা করে জুরি বোর্ড জানায়, স্থানীয় একটি গল্পের মাধ্যমে বিশ্বজুড়ে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র যে সংকটের মুখোমুখি হচ্ছে, তা তুলে ধরার অসাধারণ সক্ষমতার জন্য সিনেমাটিকে এ পুরস্কার দেয়া হয়েছে।
জুরি বোর্ডের ভাষ্যে, সূক্ষ্ম ও বুদ্ধিদীপ্ত চিত্রনাট্যের মধ্য দিয়ে দর্শক এমন এক শিক্ষকের মুখোমুখি হয়, যার মধ্যে সৎ নীতি-আদর্শ ও সামাজিক ন্যায়বিচারের প্রতি একনিষ্ঠ প্রতিশ্রুতি রয়েছে। তার আদর্শ সমাজকে বদলে দিতে পারত। তবে ব্যক্তিস্বার্থকে সাধারণ মানুষের মঙ্গলের চেয়ে বেশি গুরুত্ব দেয়া একটি রাজনৈতিক ব্যবস্থার জটিলতায় সে সম্ভাবনা থমকে যায়। সিনেমাটির সাবলীল গতি ও মূল চরিত্রের মুখোমুখি হওয়া নানা বৈপরীত্য তুলে ধরার দক্ষতারও প্রশংসা করেছে জুরি।
এবারের উৎসবে বিশ্ব চলচ্চিত্রের দুই নির্মাতা নান্নি মোরেত্তি ও জুলিয়ান শ্নেবেলকে আজীবন সম্মাননা দেয়া হয়েছে। পরিচালক নিকোলাস উইন্ডিং রেফনও নতুন সিনেমা নিয়ে উৎসবে উপস্থিত ছিলেন। তার সিনেমাটি পেয়েছে ‘গোল্ডেন প্যান্থার অ্যাওয়ার্ড’।
পুরস্কার জয়ের পর নিজের ফেসবুক বার্তায় পুরো কলাকুশলী দলকে ধন্যবাদ জানান সুমিত। তিনি লেখেন, ‘আমার পুরো কলাকুশলী টিমের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা; সত্যিই অসাধারণ ছিল আপনাদের ডেডিকেশন!’
বিদেশের চলচ্চিত্র উৎসবে একের পর এক সাফল্য পেলেও এখনো দেশের দর্শকের সামনে আসেনি মাস্টার। সিনেমাটি দেশে মুক্তির অনুমতি পায়নি। অনুমতি মিললেই প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে বলে জানা গেছে।
মাস্টারের নাম ভূমিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, মাহমুদ আলম প্রমুখ।