হিন্দি সিনেমায় এমন কিছু দৃশ্য থাকে, যেগুলো গল্পের অংশ হয়েও আলাদা করে দর্শকের মনে জায়গা করে নেয়। ‘নায়ক’-এর সেই কাদামাখা মারামারির দৃশ্যটিও তেমন। তবে পর্দায় কয়েক মিনিটের অ্যাকশন দৃশ্যটির পেছনে যে আয়োজন ছিল, সেটি জানলে হয়তো দৃশ্যটির চেয়েও বেশি চমকে যেতে হবে।
একটি অ্যাকশন দৃশ্যের জন্য ব্যবহার হয়েছিল ৩৪টি ক্যামেরা। আর শুটিংয়ের জায়গাটিকে সাজাতে ব্যবহার করা হয়েছিল প্রায় ৫০০টি গাড়ি। কিছু গাড়ি আবার একটির ওপর আরেকটি তুলে রাখা হয়েছিল। সব মিলিয়ে ২০০১ সালের জন্য বেশ অভিনব এক আয়োজনই করেছিলেন পরিচালক শঙ্কর।
‘নায়ক’ মুক্তির ২৫ বছর পূর্ণ হয়েছে আজ। ছবির গল্প, অনিল কাপুরের অভিনয় এবং বিশেষ করে প্রথমার্ধে এক দিনের মুখ্যমন্ত্রী হিসেবে তার নানা কর্মকাণ্ড এখনো দর্শকদের আলোচনায় আসে। তবে ছবির আরেকটি দৃশ্যও আলাদা করে মনে রাখার মতো—গুণ্ডাদের সঙ্গে শিবাজির সেই ভয়ংকর লড়াই।
এক দৃশ্য, ৩৪ ক্যামেরা
২০০১ সালের ২ জুন প্রকাশিত কমল নাহাতার ‘ফিল্ম ইনফরমেশন’ সাময়িকীর একটি প্রতিবেদনে এই অ্যাকশন দৃশ্যের শুটিং সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছিল।
প্রতিবেদন অনুযায়ী, পরিচালক শঙ্কর তখনকার সময়ের জন্য অস্বাভাবিক এক পদ্ধতিতে দৃশ্যটি ধারণ করেন। ব্যবহার করেন ৩৪ ক্যামেরার সেটআপ। অর্থাৎ একই অ্যাকশনকে বিভিন্ন দিক ও কোণ থেকে ধারণ করার জন্য একসঙ্গে বিপুলসংখ্যক ক্যামেরা কাজে লাগানো হয়েছিল।
শুটিং হয়েছিল একটি পরিত্যক্ত খোলা গাড়ির শেডে। সেখানে দৃশ্যটির আবহ তৈরি করতে ব্যবহার করা হয় প্রায় ৫০০টি গাড়ি। এর মধ্যে কয়েকটি গাড়ি একটির ওপর আরেকটি স্তূপ করে রাখা হয়েছিল।
আর সেই বিশাল গাড়ির জঞ্জালের মধ্যেই অনিল কাপুরকে গুণ্ডাদের সঙ্গে লড়াই করতে দেখা যায়। তার শরীরজুড়ে তখন কাদা বা ময়লা লেগে আছে—দৃশ্যটি এমনভাবেই তৈরি করা হয়েছিল যে দেখে মনে হয় তিনি পুরোপুরি ময়লায় ঢাকা।
ক্লাইম্যাক্স ভেবে ভুল করেছিলেন দর্শকরা
মজার ব্যাপার হলো, ছবিটি মুক্তির আগে এই দৃশ্যকে ঘিরে ছিল আরেক ধরনের কৌতূহল। ধারণা করা হয়েছিল, এত বড় আয়োজনের অ্যাকশন দৃশ্যটি হয়তো ছবির একেবারে শেষ দিকে, অর্থাৎ ক্লাইম্যাক্সে দেখা যাবে।
কিন্তু পরে দর্শকরা বুঝতে পারেন, অনুমানটি ঠিক ছিল না। দৃশ্যটি আসলে ইন্টারভেলের পরপরই আসে।
শুধু তা-ই নয়, ছবির প্রথম প্রচারমূলক ট্রেলারেও এই বিশাল অ্যাকশন দৃশ্যের একটি অংশ দেখানো হয়েছিল। ফলে ছবিটি মুক্তির আগেই দর্শকদের সামনে এর কিছুটা ঝলক চলে এসেছিল।
২০০১ সালে মুক্তি পাওয়া ‘নায়ক’ আসলে তামিল সিনেমা ‘মুধালভান’-এর হিন্দি রূপান্তর। ছবিতে অনিল কাপুরের সঙ্গে অভিনয় করেছেন রানি মুখার্জি, অমরিশ পুরি, পরেশ রাওয়াল, সৌরভ শুক্লা, জনি লিভার, শিবাজি সাটাম, নীনা কুলকার্নিসহ অনেকে।
ছবিটির মূল আকর্ষণ অবশ্য শুধু একজন সাধারণ মানুষের এক দিনের মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার কল্পনাই নয়। বরং সেই এক দিনের ক্ষমতাকে ব্যবহার করে তিনি কীভাবে প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ান, সেটিই গল্পটিকে আলাদা করে তোলে। জমজমাট আয়োজন, তুমুল অভিনয়ের পাশাপাশি গল্পের কারণে সিনেমাটি আজও জনপ্রিয়।