আঞ্চলিক সুরে আধুনিকতার মেলবন্ধন ‘মন বেফানা’

সিলেটের আঞ্চলিক ভাষার গানের সঙ্গে আধুনিক পপ ও মেলোডির মিশেলে তৈরি হয়েছে আশরাফুল পাভেল ও তসিবা বেগমের দ্বৈত গান ‘মন বেফানা’। প্রকাশের পর গানটি নিয়ে শ্রোতাদের আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে টিকটক ও ফেসবুক রিলসে গানটির বিভিন্ন অংশ ব্যবহার করে ভিডিও তৈরি করছেন অনেকে।

‘তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’—এমন আঞ্চলিক কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন মো. আকাশ আলম। সংগীতায়োজন করেছেন আশরাফুল পাভেল। মিউজিক ভিডিওর দৃশ্যধারণ হয়েছে বাংলাদেশ ও ফ্রান্সের বিভিন্ন স্থানে। চিত্রগ্রহণ করেছেন বাংলাদেশের আরিয়ান ও ফ্রান্সের জয়। পোস্ট প্রোডাকশনের কাজ করেছেন সৈয়দ নওশাদ। আশরাফুল পাভেলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।

গানটি নিয়ে আশরাফুল পাভেল বলেন, ‘‌শিকড়ের গানকে আধুনিক সংগীতায়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করি। ‘মন বেফানা’র সুর শুনে এর সঙ্গে পপ মেলোডি মেশানোর কথা মনে হয়েছিল। তসিবার কণ্ঠের মাটির টান গানটিকে আলাদা মাত্রা দিয়েছে। শ্রোতাদের সাড়া আমাদের পরিশ্রমকে সার্থক করেছে।’

তসিবা জানান, সিলেটি ভাষার গান গাইতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে ‘মন বেফানা’ তার আগের কাজগুলোর চেয়ে আলাদা। পাভেলের সংগীতায়োজনে গানটিতে আধুনিকতার ছোঁয়া এসেছে।

গানটির পেছনের গল্প জানিয়ে আকাশ আলম বলেন, ‘‌ছোটবেলা থেকেই শখের বশে গান লিখি। কাতারে দোহা থেকে আল রাওয়াবিগামী মেট্রোতে বসে ‘মন বেফানা’ লিখি ও সুর তৈরি করি। পরে বন্ধু ফাহিমের বাসায় গিটার বাজিয়ে পূর্ণাঙ্গ সুর তৈরি করি। পাভেল ও তসিবাকে গানটি পাঠানোর পর দুজনেরই পছন্দ হয়। শ্রোতাদের কাছ থেকে এতটা সাড়া পাব, ভাবিনি।’

আরও