সিনেমাটি মুক্তি নিয়ে কয়েক সপ্তাহ ধরেই নানা গুঞ্জন চলছে বলিউড পাড়ায়। মুক্তি পিছিয়ে যাওয়া, নাম বদল কিংবা সেন্সর বোর্ডের আপত্তি—এসব নিয়ে আলোচনায় সালমানের মুক্তি প্রতীক্ষিত এ সিনেমা। এবার জল্পনার অবসান ঘটালেন অভিনেতা নিজেই। সালমানের সাম্প্রতিক একটি ফেসবুক পোস্ট সেই জল্পনার অবসান মনে করছেন অনুরাগীরা।
সম্প্রতি প্রকৃতির মাঝে তোলা কয়েকটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন সালমান খান। ছবির ক্যাপশনে তিনি লেখেন কেবল একটি শব্দ—‘মাতৃভূমি’। ছোট্ট এ পোস্টই অনুরাগীদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দেয়। অনেকে মনে করছেন, সিনেমাটি এখনো পরিকল্পনামতোই এগোচ্ছে এবং তা বাতিল হওয়ার গুঞ্জনের কোনো সত্যতা নেই।
এর আগে বলিউডে গুঞ্জন ছিল, সেন্সর বোর্ডের আপত্তির জেরে সিনেমাটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এমনকি সেন্সর জটিলতায় মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যেতে পারে, সিনেমাটি বাতিলও হয়ে যেতে পারে বলে দাবি করা হচ্ছিল। এ নিয়ে প্রযোজনা সংস্থা স্পষ্ট জানিয়ে দেয় সিনেমাটি এখনো সেন্সর বোর্ডের কাছে জমা দেয়া হয়নি। তাই সিবিএফসি আপত্তি জানিয়েছে বা সার্টিফিকেশন আটকে দিয়েছে বলে যেসব খবর ছড়িয়েছে, তার কোনোটিই সত্য নয়। যাচাই না করে কোনো তথ্য প্রচার না করার অনুরোধও জানায় প্রযোজনা সংস্থা।
প্রযোজনা সংস্থার এ বিবৃতির পাশাপাশি সালমানের পোস্টকেও পরোক্ষ সমর্থন হিসেবে দেখছেন ভক্তরা। অভিনেতা নিজে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু না বললেও, পোস্টে সিনেমার নাম উল্লেখ করাতেই তা মাতৃভূমির মুক্তির আগাম বার্তা হিসেবে মনে করছেন ভক্তরা।