সেরা পাঁচ অভিনেত্রীর মধ্যে নিজেকে দেখতে চাই

তরুণ অভিনেত্রী ফাতেমাতুজ জোহরা ইভা। মডেলিং দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন তিনি। অভিষেকের পর থেকে একে একে করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র, পূর্ণদৈর্ঘ্য সিনেমা। পাশাপাশি কাজ করছেন ভয়েস আর্টিস্ট হিসেবেও। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কারজয়ী ‘নির্বাণ’ থেকে শুরু করে সম্প্রতি আলোচিত চরকি অরিজিনাল ‘লাইফলাইন’—কাজের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে তার।

কাকতালীয় শুরু

অভিনয়ে আসার পেছনের গল্পটা অবশ্য পরিকল্পিত ছিল না ইভার, বরং কাকতালীয়ভাবেই শোবিজে পা রাখেন তিনি। ২০১৮ সালে তার এক বন্ধু তাকে না জানিয়েই একটি বিজ্ঞাপনচিত্রের জন্য তার ছবি জমা দেন। সে সূত্রেই ডাক পান ইভা। বিজ্ঞাপনচিত্র দিয়ে ক্যামেরার সামনে প্রথমবার দাঁড়ান তিনি। ইভা বলেন, ‘শুরুটা ভীষণ কাকতালীয়। এক বন্ধু বিজ্ঞাপনের জন্য ছবি দেয় আমাকে না জানিয়ে। তারপর সে বিজ্ঞাপন দিয়েই শুরু হয় ২০১৮-তে। তারপর একটা শর্ট ফিল্ম, ডকুমেন্টারিতে কাজ করলাম। বছরে দুই-তিনটা কাজ করলাম। এরপর করোনার পরে ২০২০-এ রেগুলার কাজ শুরু হলো।’

কাজেই নজর কাড়ছেন ইভা

মঞ্চনাটকের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন ইভা। যার কারণে প্রথম শুটিংয়ে খুব একটা জড়তা কাজ করেনি তার মধ্যে, ক্যামেরার কারিগরি খুঁটিনাটি ইভার কাছে অপরিচিত ছিল। তিনি বলেন, ‘প্রথম শুটিংয়ের অভিজ্ঞতা সুন্দর। মনে থাকবে সবসময়ই। আমি যেহেতু থিয়েটার করতাম, তাই অভিনয় করতে গিয়ে মনে হয়নি প্রথমবার অভিনয় করছি। ক্যামেরা প্রেফারেন্স বুঝতাম না তখন। চরিত্রটাই শুধু মাথায় ছিল।’

২০২০ সালে বিবিসি অ্যাকশন মিডিয়ার একটি প্রকল্পে পোশাকশ্রমিকের চরিত্রে অভিনয় করে বড় পরিসরে আলোচনায় আসেন ইভা। এ অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘বিবিসির কাজটি আমার প্রথম কোনো কাজ নিয়ে আশপাশের সবাই ভালো করেছি বলেছে। এ অভিজ্ঞতাও দারুণ! দর্শকের কাছ থেকে ফিডব্যাক ভালো ছিল।’

ছাঁচ ভাঙার চেষ্টা

বিবিসির কাজের সাফল্যের একটা পার্শ্বপ্রতিক্রিয়াও হয়। কাজটি প্রকাশের পর তার কাছে বারবার আসতে থাকে একই ঘরানার চরিত্র, পোশাককর্মী বা গৃহকর্মীর মতো চরিত্র। নিজেকে একটি নির্দিষ্ট ছাঁচে আটকে ফেলতে রাজি ছিলেন না ইভা। তিনি বলেন, ‘বিবিসির কাজটায় আমার চরিত্র ছিল আমি একজন গার্মেন্টস কর্মী। যেহেতু ভালো করেছি বা সবাই ভালো করেছি বলেছে, তাই ওই ধরনের চরিত্রই বেশি আসছিল, যেটা আমার জন্য কিছুটা বিব্রতকরই ছিল।’ পরবর্তী সময়ে এমন প্রস্তাব সচেতনভাবেই কমিয়ে দেন তিনি।

বড় পর্দায় ইভা

মডেলিং দিয়ে পরিচিতি পাওয়ার পর নির্মাতা আসিফ ইসলামের নির্বাণ দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিষেক হয় ইভার। সিনেমাটি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি পুরস্কার জিতে নেয়। এ সিনেমার প্রস্তুতি প্রসঙ্গে ইভা বলেন, ‘নির্বাণ আমার জীবনের একটা অন্যতম কাজ। এটি একটি সাইলেন্ট ফিল্ম। এটার প্রস্তুতির জন্য টানা এক মাস একটা ট্রান্সফরমার ফ্যাক্টরিতে কাজ শিখেছি। চারজনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিয়েই ছিল সিনেমাটা।’

গত বছর মুক্তি পাওয়া এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় ছোট একটি চরিত্রে দেখা যায় তাকে। এছাড়া এ বছরের জুনে কাজী আসাদ পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’-এ অল্প সময়ের উপস্থিতিতেই দর্শকের নজর কাড়েন ইভা।

ভিন্ন চরিত্রের খোঁজে

প্রসূন রহমান পরিচালিত ‘শেকড়’ সিনেমায় মফস্বলের বকুল নামের এক বালিকার চরিত্রে অভিনয় করেছেন ইভা। চরিত্রটির জন্য প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘শেকড়ের বকুল চরিত্রের জন্য আলাদা করে শারীরিক কোনো পরিবর্তন আনতে হয়নি। বাকি কাজের চরিত্রের জন্য যেভাবে প্রস্তুতি নিই, এটায়ও একইভাবে প্রস্তুতি নিয়েছি। স্ক্রিপ্টটা পড়ে, কো-আর্টিস্টদের সঙ্গে একটা সহজ সম্পর্ক বজায় রেখে, বকুলকে মাথায় রেখে কাজটা করেছি।’

বাণিজ্যিক না বিকল্পধারা, কোন ঘরানায় বেশি স্বচ্ছন্দ—জানতে চাইলে ইভা বলেন, ‘আমি বাণিজ্যিক ও বিকল্পধারা দুই ধরনের সিনেমায়ই কাজ করেছি। আমি একজন পারফরমার। আমার জন্য প্লাটফর্ম জরুরি নয়। চরিত্র ও গল্পটাই জরুরি।’

ভয়েসেও পরিচিতি

অভিনয়ের বাইরে ইভার আরো একটি কাজের জায়গা আছে, তিনি একজন পেশাদার ভয়েস আর্টিস্টও। ২০১৯ সালে দুরন্ত টিভির অ্যানিমেশনে কণ্ঠ দিয়ে এ যাত্রা শুরু। এরপর ইউনিসেফ, ইউএনডিপির বিভিন্ন তথ্যচিত্র, বিজ্ঞাপন ও সিনেমার ডাবিংয়েও কাজ করেছেন তিনি। এ প্রসঙ্গে ইভা বলেন, ‘পেশাগতভাবেই আমি ভয়েস আর্টিস্ট। ওটাও একটা প্রফেশন আমার। এ কাজ আমি দারুণ এনজয় করি।’

সেরা পাঁচে থাকতে চান

ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট লক্ষ্য জানিয়ে ইভা বলেন, ‘আমি আসলে অ্যাক্টিং করতে চাই। আমি এ জায়গায় টিকতে পারব কিনা, সময় ঠিক করে দেবে। এটা আমার হাতেও নেই পুরোটা। তবে আমার প্ল্যান সেরা পাঁচ অভিনেত্রীর মধ্যে নিজেকে দেখতে চাই।’

সামনে কেমন চরিত্রে কাজ করতে চান, সে বিষয়েও নিজের ভাবনা স্পষ্ট ইভার কাছে। তিনি বলেন, ‘আগে কখনো করিনি এমন কোনো চরিত্র করতে চাই। যে চরিত্রের একটা গভীরতা থাকবে আর স্ক্রিনে সেটার গুরুত্ব থাকবে। সহজ নয় এমন কোনো চরিত্র করতে চাই।’

আরও