মালয়েশিয়ার উৎসবে প্রদর্শিত জয়ন্ত গায়েনের ‘ব্রাঞ্চেস অব সোলেস’

উৎসবের স্ক্রিনিং কমিটির মতে, জয়ন্ত গায়েনের চলচ্চিত্রটি অনন্য গল্পশৈলী ও গভীর মানবিক বার্তার কারণে আলাদাভাবে নজর কেড়েছে। ছবিটির শক্তিশালী মনস্তাত্ত্বিক দর্শন ও শৈল্পিক নির্মাণের প্রতি সম্মান জানিয়েই ‘নন-কম্পিটিটিভ স্ক্রিনিং’ (বিশেষ প্রদর্শনী) সেগমেন্টে স্থান দেয়া হয়েছে

​মালয়েশিয়ার ২২তম আন্তর্জাতিক ‘মিনি ফিল্ম ফেস্টিভ্যাল’ (এমএফএফ)-এ প্রদর্শিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়ন্ত গায়েন নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্রাঞ্চেস অব সোলেস’।

তিনি জানান, বাংলাদেশ সময় আজ সকাল ৮টায় ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াক (ইউএনআইএমএএস)-এর সিনেমাটোগ্রাফি স্টুডিওতে চলচ্চিত্রটির স্ক্রিনিং হয়। প্রদর্শনী শেষে অন্যান্য চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে একটি লাইভ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন জয়ন্ত।

​উৎসবের স্ক্রিনিং কমিটির মতে, জয়ন্ত গায়েনের চলচ্চিত্রটি অনন্য গল্পশৈলী ও গভীর মানবিক বার্তার কারণে আলাদাভাবে নজর কেড়েছে। ছবিটির শক্তিশালী মনস্তাত্ত্বিক দর্শন ও শৈল্পিক নির্মাণের প্রতি সম্মান জানিয়েই ‘নন-কম্পিটিটিভ স্ক্রিনিং’ (বিশেষ প্রদর্শনী) সেগমেন্টে স্থান দেয়া হয়েছে।

​৯ মিনিট ৫০ সেকেন্ড ব্যাপ্তির চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে সমাজের তথাকথিত এক ‘পাগল’ মানুষের সূক্ষ্ম মনস্তত্ত্ব ও আবেগ নিয়ে। পেটের তাগিদে তাকে শহরে যেতে হলেও যান্ত্রিক শহরকে সে নিজের আশ্রয় মনে করে না। তাই শহর থেকে দূরে, জনমানুষহীন এক বালুচরে বসতি গড়ে তোলে। যেখানে গাছ জন্মানো প্রায় অসম্ভব, সেখানে পরম মমতায় গাছ লাগায় এবং তার অকার্যকর পরিচর্যা করে। এই গাছের ডালপালাই একসময় তার জীবনের পরম শান্তি, মানসিক স্থিতি ও আশ্রয়ের স্থল হয়ে ওঠে।

জয়ন্ত গায়েন বলেন, ‘একটি আন্তর্জাতিক প্লাটফর্মে দেশের এবং নিজের চিন্তাভাবনার প্রতিনিধিত্ব করতে পারা অত্যন্ত গর্বের। উৎসবের সিলেকশন টিম আমার সিনেমার মূল ভাবনাটি অনুধাবন করতে পেরেছেন এবং এটিকে বিশেষ মূল্যায়নে স্থান দিয়েছেন, যা একজন স্বাধীন নির্মাতা হিসেবে আমার জন্য বড় অনুপ্রেরণা।’

মালয়েশিয়ার অন্যতম প্রাচীন ও স্বাধীন চলচ্চিত্র উৎসব এমএফএফ। প্রতিবছর ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াকে সিনেম্যাটোগ্রাফি প্রোগ্রাম এবং ফ্যাকাল্টি অব অ্যাপ্লায়েড অ্যান্ড ক্রিয়েটিভ আর্টসের যৌথ উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। এতে বিশ্বজুড়ে প্রতিভাবান ও স্বাধীন নির্মাতাদের বাছাইকৃত চলচ্চিত্র প্রদর্শন করা হয়ে থাকে।

আরও