ভালো স্ক্রিপ্ট পেলে অবশ্যই অভিনয় করব

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। তবে বর্তমানে নিয়মিত অভিনয়ে নেই তিনি। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও দর্শকের কাছে তার জনপ্রিয়তা এখনো রয়ে গেছে।

ভক্তরা তাকে নিয়মিত অভিনয়ে দেখতে চান। তবে ভালো গল্প ও চরিত্র ছাড়া অভিনয়ে ফিরতে চান না এ অভিনেত্রী। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘নটআউট’ নাটকে সর্বশেষ অভিনয়ে দেখা গিয়েছিল ঈশিতাকে। কয়েক বছর আগে নির্মিত নাটকটি দর্শকের কাছ থেকে ভালো সাড়া পেয়েছিল। এরপর অভিনয়ের জন্য বেশ কয়েকটি স্ক্রিপ্ট পেলেও কোনোটিই তার ভালো লাগেনি। এ কারণে গত কয়েক বছর তাকে অভিনয়ে দেখা যায়নি।

ঈশিতা বলেন, ‘আরিয়ানের পরিচালনায় সর্বশেষ নটআউট নাটকে অভিনয় করেছিলাম। এ নাটকে অভিনয়ের জন্য বেশ ভালো সাড়া পেয়েছিলাম। এরপর অনেকেই আমাকে অভিনয়ের জন্য স্ক্রিপ্ট পাঠিয়েছিলেন। কিন্তু আমার কোনো স্ক্রিপ্টই ভালো লাগেনি। যে কারণে বিগত কয়েক বছর আমাকে অভিনয়ে দেখা যায়নি। যদি ভালো স্ক্রিপ্ট পাই তাহলে অবশ্যই অভিনয় করব। কেন নয়। আমি তো অভিনয় করতেই চাই, কিন্তু ভালো গল্প, সুন্দর চরিত্র না পেলে কেমন করেই বা করি।’

অভিনয়ের পাশাপাশি নাট্যনির্মাতা হিসেবেও কাজ করেছেন ঈশিতা। নাটক নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। পাশাপাশি গায়িকা হিসেবেও বেশ কয়েকটি মৌলিক গান করেছেন। অভিনয় ও নির্মাণের পাশাপাশি গানেও নিজের পরিচয় তৈরি করেছেন তিনি। এ শিল্পীর প্রতি তার প্রজন্মের পাশাপাশি পরবর্তী প্রজন্মের শিল্পীদেরও রয়েছে মুগ্ধতা।

আজ ঈশিতার জন্মদিন। বিশেষ এই দিনটি পরিবারের সঙ্গেই কাটাবেন বলে জানিয়েছেন তিনি। ঈশিতা বলেন, ‘জন্মদিনে বিশেষ কোনো পরিকল্পনা নেই। বলা যায়, পরিবারের সঙ্গেই কাটবে সময়। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন।’

আরও