মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।
প্রাঞ্জল ঠাকরান (২২) নামের ওই ব্যক্তিকে গতকাল মধ্যপ্রদেশের ইন্দোর থেকে গ্রেফতার করা হয়। ১৮ অক্টোবরের এ ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনি ১১তম। তদন্তকারীদের সন্দেহ, অভিযুক্ত বন্দুকধারীদের দেশীয় পিস্তল সরবরাহ করেছিলেন প্রাঞ্জল। হামলার দায় স্বীকার করে বক্তব্য দেয়া অনিল পণ্ডিতের সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে ধারণা করা হচ্ছে। ষড়যন্ত্রে প্রাঞ্জলের কথিত ভূমিকা সম্পর্কে নিশ্চিত হতে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে তুরস্কে তৈরি জিগানা পিস্তল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র। এছাড়া গুজরাটের সুরাটে রেললাইনের পাশের ঝোপঝাড় থেকে ১০টি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত বন্দুকধারীরা সেখানে অস্ত্রগুলো ফেলে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
তদন্তকারীদের দাবি, টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর পর অভিযুক্তরা ট্যাক্সিতে করে মুম্বাই থেকে সুরাটে যান। সেখানে রেলস্টেশনের কাছে আগ্নেয়াস্ত্রগুলো ফেলে রেখে দিল্লিগামী একটি ট্রেনে উঠেন বলে অভিযোগ রয়েছে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছেন তদন্তকারীরা।
পুলিশের সন্দেহ, জিগানা পিস্তলটি সরবরাহ করেছিলেন এ ঘটনায় অভিযুক্ত কুণাল জামিনসিং। তদন্তের প্রাথমিক পর্যায়ে হরিয়ানা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। আগ্নেয়াস্ত্রটি মুম্বাইয়ে পৌঁছে দিতে দুই নারী সহায়তা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদেরও গ্রেফতার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
প্রাঞ্জল ঠাকরান হরিয়ানার সোনিপত জেলার খারখোদার বাসিন্দা। মুম্বাই ও ইন্দোর ক্রাইম ব্রাঞ্চের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
সূত্র: ইয়োন