ইউটিউবে সাড়া ফেলেছে ইরফান-আইশার ‘জোছনায় ফেরা’

নাটকটির সাফল্যে দর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চয়নিকা চৌধুরী জানান, ভালো গল্পের নাটকের প্রতি দর্শকের আগ্রহ তাকে নিয়মিত নতুন কাজ করতে অনুপ্রাণিত করে।

গত ১৮ অক্টোবর লেজার ভিশন নাটক ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় চয়নিকা চৌধুরী পরিচালিত জোছনায় ফেরা। প্রকাশের পর থেকেই নাটকটি দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। তিনদিনেই এর ভিউ তিন মিলিয়ন ছাড়িয়েছে। নাটকটির এমন সাফল্যে দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী ও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের নির্বাহী পরিচালক মিজানুর রহমান বকুল।

শফিকুর রহমান শান্তনুর রচনায় নির্মিত এ নাটকে স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনের গল্প তুলে ধরা হয়েছে। এতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও আইশা খান। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন দীপা খন্দকার। নাটকের গল্পের পাশাপাশি শিল্পীদের অভিনয়ও দর্শকের প্রশংসা পাচ্ছে। এর ‘তুই সব থেকে দামি’ শিরোনামের গানটিও শ্রোতা-দর্শকের ভালো লেগেছে। গানটির কথা লিখেছেন সাংবাদিক ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীত পরিচালনা করেছেন রিজওয়ান শেখ। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কোনাল।

নাটকটির সাফল্যে দর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চয়নিকা চৌধুরী জানান, ভালো গল্পের নাটকের প্রতি দর্শকের আগ্রহ তাকে নিয়মিত নতুন কাজ করতে অনুপ্রাণিত করে। গত ২৫ বছরে ইন্ডাস্ট্রিতে তার নাটকের একটি নিজস্ব ধরন তৈরি হয়েছে। গল্প, শিল্পীদের অভিনয় ও দৃশ্যায়ন দেখেই দর্শক তার নির্মাণশৈলী চিনতে পারেন। দীর্ঘদিনের নিরলস শ্রমের মধ্য দিয়ে এ স্বতন্ত্রতা তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।

দর্শকের ভালোবাসা ও শিল্পীদের সহযোগিতাকে নিজের এগিয়ে যাওয়ার শক্তি হিসেবে দেখেন তিনি। এ সময় পাশে থাকার জন্য লেজার ভিশন কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন চয়নিকা চৌধুরী। অন্যদিকে নাটকটির সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন লেজার ভিশনের নির্বাহী পরিচালক মিজানুর রহমান বকুল। তার মতে, চয়নিকা চৌধুরীর পরিচালনার ২৫ বছর পূর্তির সময়ে জোছনায় ফেরার সাফল্য বিশেষ আনন্দের। এটি দেশের বাইরের দর্শকের কাছ থেকেও সাড়া পাচ্ছে। এ ধরনের গল্প নিয়ে আরো নাটক নির্মাণের অনুরোধও আসছে। ভালো গল্পের নাটক নির্মাণে পাশে থাকাকে লেজার ভিশন প্রযোজনার অন্যতম নীতি হিসেবে বিবেচনা করে। জোছনায় ফেরা সে নীতিরই প্রতিফলন।

আরও