শিশু শিল্পী থেকে নতুন রূপে রুহানিকা

এক দশকের ব্যবধানে মিষ্টি মেয়েটি এখন ১৮ বছরের আত্মবিশ্বাসী তরুণী।

ভারতীয় ছোট পর্দার অন্যতম জনপ্রিয় শিশু চরিত্র ছিল ‘ইয়ে হ্যায় মোহাব্বাতেঁ’ নাটকের মিষ্টি ‘রুহি’। এক দশকের ব্যবধানে মিষ্টি মেয়েটি এখন ১৮ বছরের আত্মবিশ্বাসী তরুণী। পর্দায় গড়ে ওঠা নিজের চেনা ‘সুইট ইমেজ’ ভেঙে এবার তিনি ধরা দিচ্ছেন এক দুঃসাহসিক ও চ্যালেঞ্জিং অবতারে। রোহিত শেঠির বহুল আলোচিত স্টান্টভিত্তিক রিয়েলিটি শো ‘খাতরোঁ কে খিলাড়ি ১৫’-এর মাধ্যমে ছোট পর্দায় রুহানিকা ধাওয়ানের এ ভিন্নধর্মী প্রত্যাবর্তন ঘটছে।

২০১২ সালে ‘মিসেস কৌশিক কি পাঁচ বহুয়েঁ’ দিয়ে অভিনয়জীবন শুরু করেন রুহানিকা ধাওয়ান। একতা কাপুরের ‘ইয়ে হ্যায় মোহাব্বাতেঁ’ ধারাবাহিকে রুহি ভাল্লা চরিত্রে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। জয় করেন ‘ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডস’-এর মোস্ট পপুলার চাইল্ড অ্যাক্ট্রেসের পুরস্কার। এছাড়া বড় পর্দায় সালমান খানের ‘জয় হো’ ও সানি দেওলের ‘ঘায়েল ওয়ান্স অ্যাগেইন’-এ অভিনয় করে প্রশংসিত হন তিনি। তবে অধিকাংশ শিশুশিল্পী যেখানে এক নির্দিষ্ট ইমেজে আটকে যান, রুহানিকা হেঁটেছেন ঠিক তার উল্টো পথে।

ক্যারিয়ারের সুসময়ে পড়াশোনার জন্য টানা তিন বছর অভিনয় থেকে বিরতি নেন রুহানিকা। এ সিদ্ধান্ত তাকে এনে দেয় অনন্য সাফল্য; ২০২৫ সালে আইবি বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৯১ শতাংশ নম্বর পান তিনি। বর্তমানে তিনি ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) পড়ছেন। কেবল শিক্ষাজীবনেই নয়, ব্যক্তিগত জীবনেও সফল রুহানিকা মাত্র ১৫ বছর বয়সে নিজের উপার্জনে ফ্ল্যাট কেনেন এবং ১৮ বছরে পা দিয়েই মাকে উপহার দিয়েছেন স্বপ্নের মার্সিডিজ-বেঞ্জ।

পড়াশোনা শেষ করে এবার দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ধারণকৃত ‘খাতরোঁ কে খিলাড়ি ১৫’-এ চলতি সিজনের সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগী হিসেবে লড়েছেন তিনি। চেনা ভাবমূর্তি ভাঙার বিষয়ে রুহানিকা বলেন, ‘দর্শককে চমকে দিতেই শোটি বেছে নিয়েছি। মানুষ আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, তার বাইরে গিয়ে নিজের সাহসিকতার দিকটি তুলে ধরতে চেয়েছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ২২ লাখ অনুসারী থাকা এ তারকা কেপটাউনে টেক্কা দিয়েছেন গৌরব খান্না, অবিনাশ মিশ্র, অবিকা গর ও রুবিনা দিলাইকদের মতো অভিজ্ঞ প্রতিযোগীদের সঙ্গে। গুঞ্জন রয়েছে, দুর্দান্ত পারফর্ম করে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন তিনি। মিষ্টি রুহির বদলে পর্দায় এবার ভীতিহীন এক নতুন রুহানিকাকে দেখতে অপেক্ষায় আছেন দর্শক।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও