ক্যানসারের চিকিৎসায় আবারও সামিয়া আফরিন

এবার আবারও চিকিৎসার কঠিন সময় পার করতে গিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন সামিয়া। তিনি লিখেছেন, ‘‌সবাই আমার জন্য দোয়া করবেন—আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন, আগেরবারের মতো এবারও যেন আমার শক্তিটা ধরে রাখতে পারি এবং খুব শিগগিরই আমার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারি।’

দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন অভিনেত্রী সামিয়া আফরিন। এই অভিনেত্রীর শরীরে তিন মাস আগে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট শনাক্ত হয়। পরে দ্রুত অস্ত্রোপচার করানো হয়। চিকিৎসকরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা। বর্তমানে ওভারিয়ান ক্যানসারের চিকিৎসায় কেমোথেরাপি নিচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের বর্তমান চিকিৎসা ও মানসিক প্রস্তুতির কথা জানিয়েছেন সামিয়া। একই সঙ্গে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজের বর্তমান পরিস্থিতির কথা জানান সামিয়া। চিকিৎসার এই কঠিন সময়ে মানসিকভাবে নিজেকে কীভাবে প্রস্তুত করছেন, সেটিও তুলে ধরেন তিনি।

সামিয়া জানান, তিন মাস আগে পরীক্ষার মাধ্যমে শরীরে দ্বিতীয় ম্যালিগন্যান্ট শনাক্ত হওয়ার পর দ্রুত অস্ত্রোপচার করাতে হয় তাকে। অস্ত্রোপচারের পর পরীক্ষায় এটি হাই-গ্রেড কার্সিনোমা বলে জানান চিকিৎসকরা। এরপরই কেমোথেরাপি শুরু হয়।

প্রথমবার ক্যানসার শনাক্ত হওয়ার পর কেমোথেরাপি নিতে হয়নি সামিয়াকে। ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা নিয়েছিলেন তিনি। এবারের চিকিৎসা তাই আগের অভিজ্ঞতার তুলনায় অনেকটাই আলাদা।

নিজের এই যাত্রার একটি ছোট ভিডিওও শেয়ার করে তিনি লিখেছেন, ‘‌ডাক্তার বলেছেন, কেমোর কারণে চুল পড়ে যেতে পারে। তাই বিষয়টাকে নিয়ে মন খারাপ না করে বরং স্পন্টেনিয়াসলি অ্যাকসেপ্ট করার সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু নিয়ে মন খারাপ করে তো লাভ নেই—সময়ের সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করতে পারাটাই আসল।’

ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কঠিন অভিজ্ঞতা নিয়ে সামিয়া আরও বলেন, ‘‌ক্যানসারের এই লড়াই কতটা কঠিন, তা যারা নিজেরা এই পথ পাড়ি দিয়েছেন, তারাই সবচেয়ে ভালো জানেন।’

এর আগে ২০২৫ সালের মার্চে নিজের ক্যানসারজয়ের গল্প প্রকাশ্যে এনেছিলেন সামিয়া। সে সময় জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তার শরীরে ক্যানসার শনাক্ত হয়। পরীক্ষায় চতুর্থ স্টেজের কথা জানা যায়। প্রায় দুই বছর চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। পরে ক্যানসারে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে একটি ফাউন্ডেশনের মাধ্যমেও কাজ শুরু করেন।

এবার আবারও চিকিৎসার কঠিন সময় পার করতে গিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন সামিয়া। তিনি লিখেছেন, ‘‌সবাই আমার জন্য দোয়া করবেন—আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন, আগেরবারের মতো এবারও যেন আমার শক্তিটা ধরে রাখতে পারি এবং খুব শিগগিরই আমার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারি।’

আরও