টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি

উদ্বেগে বলিউড তারকারা

গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন অভিনেতা-রাজনীতিক রবি কিষাণ।

বলিউডের ওপর প্রভাব বাড়াতে চাইছে ভারতের অপরাধজগৎ। জুহুতে রোববার সন্ধ্যায় গুলির ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন অভিনেতা টাইগার শ্রফ। এ ঘটনায় বলিউডের তারকাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিজেপির সংসদ সদস্য ও অভিনেতা রবি কিষাণ ঘটনাটিকে ‘গভীর উদ্বেগের বিষয় এবং তদন্তের দাবি রাখে’ বলে মন্তব্য করেছেন। এছাড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রণবীর শোরে, পরিচালক রাহুল ঢোলাকিয়া, শত্রুঘ্ন সিনহা, মিকা সিংসহ আরো অনেকে। সংগীত পরিচালক ও গায়ক আমাল মালিক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন, ‘মুম্বাইয়ে এসব কী হচ্ছে?’

গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন অভিনেতা-রাজনীতিক রবি কিষাণ। তিনি বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি গভীর উদ্বেগের বিষয় এবং তদন্ত হওয়া প্রয়োজন। মহারাষ্ট্র পুলিশের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তদন্ত হবে এবং যারা দোষী সাব্যস্ত হবে, তাদের সর্বোচ্চ শাস্তি দেয়া হবে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক ও গুরুতর। টাইগার খুবই নিরীহ একজন মানুষ। মহাদেব ও মা রানীর কাছে প্রার্থনা করি, তারা যেন তাকে রক্ষা করেন। মহারাষ্ট্র পুলিশ ও রাজ্য সরকার এ ঘটনায় কোনো ত্রুটি রাখছে না। শিগগিরই দায়ীদের গ্রেফতার করে কঠোরতম শাস্তি দেয়া হবে।’

গায়ক মিকা সিংও একটি ভিডিও প্রকাশ করে সরকারকে ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘মুম্বাই বরাবরই ভারতের অন্যতম নিরাপদ শহর হিসেবে পরিচিত। বিশেষ করে নারীরা এখানে গভীর রাতেও রাস্তায় হাঁটা, কাজ করা কিংবা যাতায়াতের ক্ষেত্রে নিরাপদ বোধ করেছেন। কিন্তু টাইগার শ্রফকে ঘিরে ঘটে যাওয়া ঘটনা আমাদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। নিজের শহরের রাস্তায় কাউকে ভয়ের মধ্যে থাকতে হওয়া উচিত নয়। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আন্তরিক অনুরোধ, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন এবং প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করুন। মুম্বাইকে দিন-রাত সবার জন্য নিরাপদ শহর হিসেবে ধরে রাখতে আরো কঠোর পদক্ষেপ ও জবাবদিহি প্রয়োজন।’ টাইগার শ্রফের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তিনি লেখেন, ‘এসব কী হচ্ছে? টাইগার শ্রফকে লক্ষ্য করে হামলা, হুমকি ও গুলির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি অত্যন্ত যোগ্য পিতা জ্যাকি শ্রফের সুযোগ্য সন্তান। টাইগার অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন, এটা তার সৌভাগ্য। কিন্তু তার গাড়িচালক গুরুতর আহত হয়েছেন।’

আমাল মালিকও টাইগারের পাশে দাঁড়িয়েছেন। এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, ‘অভিষেকের পর থেকেই টাইগার প্রতিটি প্রজন্মের দর্শককে বিনোদন দিয়ে আসছেন। এমন একজন মানুষ, যিনি জেনেশুনে কারো ক্ষতি করেননি। তাকে আমি সবচেয়ে সদয় মানুষদের একজন বলে জানি। তাকে কেন এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে, বুঝতে পারছি না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে হামলার দায় লরেন্স বিষ্ণোই গ্যাং স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। তবে পোস্টটির সত্যতা পুলিশ এখনো যাচাই করেনি। পোস্টে হিন্দিতে লেখা হয়েছে, ‘আমরা তাকে ফোন করে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে বুঝতে পারেনি। তাই আজ আমরা তাকে ঠিকভাবে বুঝিয়ে দেয়ার ব্যবস্থা করেছি।’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও