দীর্ঘ চিকিৎসার পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

দীর্ঘ সময় ধরে লন্ডনের সর্বোচ্চ চিকিৎসাসেবা নেওয়া হলেও তার শারীরিক অবস্থার প্রত্যাশিত উন্নতি হয়নি। এতে পরিবার কিছুটা হতাশ হলেও, ইলিয়াস কাঞ্চনের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে কয়েক দিনের জন্য তাকে দেশে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় সোমবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। অভিনেতার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন নিরাপদ সড়ক চাই-এর ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ।

লিটন এরশাদ জানান, ১৪ আগস্টের আগেই ইলিয়াস কাঞ্চনকে আবার লন্ডনে ফিরতে হবে। কারণ, ১৫ আগস্ট তার পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা-সংক্রান্ত মূল্যায়নের সময় নির্ধারিত রয়েছে।

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের ইতোমধ্যে ৬০টি কেমোথেরাপি সেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘ চিকিৎসার প্রভাবে তার শারীরিক পরিবর্তনও স্পষ্ট। হিথ্রো বিমানবন্দর থেকে প্রকাশিত একটি ছবিতে সাদা চুল-দাড়িতে তাকে হুইলচেয়ারে বসে থাকতে দেখা গেছে। পাশে ছিলেন তার সফরসঙ্গীরা।

চিকিৎসার অগ্রগতি নিয়ে হতাশার কথাও জানিয়েছেন লিটন এরশাদ। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে লন্ডনের সর্বোচ্চ চিকিৎসাসেবা নেওয়া হলেও তার শারীরিক অবস্থার প্রত্যাশিত উন্নতি হয়নি। এতে পরিবার কিছুটা হতাশ হলেও, ইলিয়াস কাঞ্চনের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে কয়েক দিনের জন্য তাকে দেশে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। একই বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তবে জটিলতা ও ঝুঁকির কারণে টিউমারের একটি বড় অংশ অপসারণ করা সম্ভব হয়নি। এরপর থেকে নিয়মিত কেমোথেরাপির মাধ্যমে তার চিকিৎসা চলছিল।

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ‘বেদের মেয়ে জোছনা’সহ অসংখ্য ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকেও ভূষিত হয়েছেন।

আরও