মাতৃত্বের পর অভিনয় থেকে দীর্ঘ বিরতি নেয়ার ধারণা বদলে যাচ্ছে বলিউডে। সন্তান জন্মের পর কেউ ফিরছেন কয়েক মাসের মধ্যেই, কেউ আবার কয়েক বছর পর। তবে প্রত্যাবর্তনের ধরন আলাদা হলেও একটি জায়গায় মিল আছে। ক্যারিয়ার থেকে সরে যাওয়ার বদলে নিজেদের সময় ও প্রয়োজন অনুযায়ী নতুন করে কাজ বেছে নিচ্ছেন অভিনেত্রীরা। এদের মধ্যে সম্প্রতি কিয়ারা আদভানি ও পরিণীতি চোপড়া চমকে দিয়েছেন।
সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানির প্রথম সন্তান সারায়াহর জন্ম হয় ২০২৫ সালের জুলাইয়ে। সন্তান জন্মের আগেই ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’-এর কিছু অংশের শুটিং করেছিলেন তিনি। সন্তান জন্মের পরও ছবিটির প্রচারে অংশ নেন। মাতৃত্ব তার ব্যক্তিত্ব ও কাজের প্রতি দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এনেছে বলে জানিয়েছেন কিয়ারা। তার ভাষায়, মা হওয়ার পর তিনি আরো শক্তিশালী হয়ে উঠেছেন।
পরিণীতি চোপড়ার ছেলে নীরের জন্ম হয় ২০২৫ সালের অক্টোবরে। তিনি ‘অমর সিং চমকিলা’র পর অভিনয় করেছিলেন ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’ সিরিজে। সিরিজটির কিছু অংশের শুটিংও করেছেন গর্ভাবস্থায়। পরিণীতি জানিয়েছেন, মা হওয়ার পর কাজ ছেড়ে দেয়ার কথা তিনি কখনো ভাবেননি। আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন ও প্রিয়াংকা চোপড়া জোনাসের মতো অভিনেত্রীদের উদাহরণ তাকে অনুপ্রাণিত করেছে।
২০২৪ সালের জুলাইয়ে আলি ফজল ও রিচা চাড্ডা দম্পতির কন্যা জ়ুনেইরার জন্ম হয়। মেয়ের জন্মের পর ইচ্ছাকৃতভাবেই অভিনয় থেকে কিছুটা বিরতি নেন রিচা। তার শেষ বড় কাজ ছিল ‘হীরামাণ্ডি’। প্রায় দুই বছর পর একটি গোয়েন্দা সিরিজের মাধ্যমে অভিনয়ে ফিরছেন রিচা। তার বক্তব্য, সন্তানের জীবনের শুরুর সময়টুকু নিজের মতো করে কাটানো তার কাছে গুরুত্বপূর্ণ ছিল।
বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের সন্তান দেবীর জন্ম ২০২২ সালের নভেম্বরে। ‘ডেঞ্জারাস’-এর পর বড় পর্দা থেকে দূরে থাকা বিপাশা এবার প্রায় ছয় বছর পর ফিরছেন হানসাল মেহতার ক্রাইম থ্রিলার ‘বারাবাঁকি’তে। সন্তান জন্মের পর নিজের শরীর নিয়ে নানা ধরনের মন্তব্য ও চাপের মুখে পড়লেও এখন তিনি মনে করছেন, অভিনয়ে ফেরার সময় এসেছে। তার কথায়, এবার কাজ শুরু করার ইচ্ছাটা নিজের ভেতর থেকেই এসেছে।
প্রীতি জিনতার ক্ষেত্রে বিরতিটা আরো দীর্ঘ। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান জয় ও জিয়ার মা হন তিনি। ‘ভাইয়াজি সুপারহিট’-এর পর সম্প্রতি ‘বাটওয়ারা ১৯৪৭’ দিয়ে অভিনয়ে ফিরলেন। দীর্ঘ বিরতি নিয়ে তার কোনো আক্ষেপ নেই। বরং পরিবার ও সন্তানদের সঙ্গে কাটানো সময়কেই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখেন তিনি।
বলিউডে তাই মাতৃত্ব এখন আর ক্যারিয়ারের সমাপ্তির সমার্থক নয়। বরং সন্তান, পরিবার ও ব্যক্তিজীবনের দায়িত্বের সঙ্গে পেশাজীবনের ভারসাম্য কীভাবে তৈরি করবেন, সে সিদ্ধান্ত এখন অনেক বেশি অভিনেত্রীর নিজের হাতে। ফলে পর্দায় তাদের প্রত্যাবর্তনও কেবল ‘কামব্যাক’ নয়, অনেকের জন্য এটি ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়ের সূচনা।
সূত্র: হিন্দুস্তান টাইমস