পার্থ মালাইকার নতুন নাটক ‘প্রিয়জন’

এর কাহিনীতে উঠে এসেছে পারিবারিক সম্পর্কের টানাপড়েন, ভালোবাসা, অভিমান ও আপনজনকে ঘিরে নানা আবেগের গল্প।

এসআর মজুমদারের গল্প ও পরিচালনায় নির্মিত নতুন নাটক প্রিয়জন। নাটকটিতে জুটি বেঁধে কাজ করেছেন পার্থ শেখ ও মালাইকা চৌধুরী। এর কাহিনীতে উঠে এসেছে পারিবারিক সম্পর্কের টানাপড়েন, ভালোবাসা, অভিমান ও আপনজনকে ঘিরে নানা আবেগের গল্প।

প্রিয়জনে পার্থ শেখ ও মালাইকা চৌধুরীর পাশাপাশি অভিনয় করেছেন আবুল হায়াত, শহিদুজ্জামান সেলিম, দীপা খন্দকার, মিলি বাশার, বড়দা মিঠু, বাশার বাপ্পীসহ আরো অনেকে। পরিবারের মানুষের মধ্যকার সম্পর্কের নানা সমীকরণকে কেন্দ্র করে এগিয়েছে নাটকটির গল্প। ভালোবাসা যেমন সম্পর্ককে গভীর করে; তেমনি ভুল বোঝাবুঝি, অভিমান কিংবা স্বার্থের সংঘাত তৈরি করতে পারে দূরত্ব। গল্পে এমনই কিছু সম্পর্কের টানাপড়েন তুলে ধরা হয়েছে।

এ নাটকে নিজের চরিত্র নিয়ে পার্থ শেখ বলেন, ‘প্রিয়জনে আমার চরিত্রটি গল্পের গুরুত্বপূর্ণ একটি জায়গাজুড়ে আছে। এ চরিত্রের মধ্য দিয়ে পারিবারিক সম্পর্কের নানা দিক তুলে ধরার সুযোগ পেয়েছি। কাজটি করে ভালো লেগেছে। আশা করছি দর্শকেরও ভালো লাগবে।’

মালাইকা চৌধুরী বলেন, ‘প্রিয়জনের গল্পে খুব পরিচিত কিছু সম্পর্ক ও অনুভূতির কথা আছে। আপনজনকে ঘিরে মানুষের আবেগ, অভিমান ও প্রত্যাশাগুলো গল্পে উঠে এসেছে। আমার চরিত্রটিও গল্পের আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আশা করছি, নাটকটি দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করবে।’

নির্মাতা এসআর মজুমদার বলেন, ‘গল্পে পার্থ শেখ ও মালাইকা চৌধুরীর চরিত্র এবং তাদের সম্পর্কের রসায়ন এ নাটকের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছি। পারিবারিক সম্পর্কের খুব পরিচিত কিছু অনুভূতি ও টানাপড়েনকে গল্পের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে ভালোবাসার পাশাপাশি সম্পর্কের জটিলতাও দেখানো হয়েছে। আশা করছি, গল্প ও চরিত্রের আবেগ দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে।’

নাটকটির চিত্রনাট্য লিখেছেন জয়নাল আবেদীন ও এসআর মজুমদার। প্রিয়জন প্রকাশ পাবে সিডি চয়েস ড্রামা ইউটিউব চ্যানেলে।

আরও