দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ‘ম্যাড স্টারস ২০২৫’ অ্যাওয়ার্ডে সর্বোচ্চ সম্মাননা গ্র্যান্ড প্রিক্স জিতেছে বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থা পপ ফাইভ। ৬৩টি দেশ থেকে জমা পড়া ২০ হাজারের বেশি কাজের মধ্যে তাদের ‘প্লট ফার্মিং’ ক্যাম্পেইন এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস) ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রিক্স ও গোল্ড নিশ্চিত করেছে। এছাড়া পপ ফাইভ আরো পাঁচটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।
‘প্লট ফার্মিং’ হলো ঢাকার ফাঁকা ও অব্যবহৃত প্লটগুলোকে আবাদি জমিতে পরিণত করার একটি নতুন উদ্যোগ। এতে ভূমিহীন কৃষকরা কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং নগরবাসী পাবেন স্বাস্থ্যকর তাজা শাকসবজি। আইডিয়াটির আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের সৃজনশীলতার বিশ্বমঞ্চে পরিচিতি বৃদ্ধি করছে।
পপ ফাইভের দুই জিসিডি (গ্রুপ ক্রিয়েটিভ ডিরেক্টর) তাওহিদ মিলটন ও আবদুল্লাহ রানা দক্ষিণ কোরিয়ায় পুরস্কারগুলো গ্রহণ করেন। পপ ফাইভের প্রধান সৃজনশীল কর্মকর্তা আক্রুম হোসেইন বলেন, এই অর্জন শুধু পপ ফাইভের নয়, এটি বাংলাদেশেরও। বাংলাদেশের ক্রিয়েটিভ আইডিয়া এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। তরুণ সৃজনশীলদের জন্য এটা হতে পারে অনুপ্রেরণা।
তিনি আরও বলেন, ‘ম্যাড স্টারস থেকে বাংলাদেশের হাতে আসা গ্র্যান্ড প্রিক্স দেশের বিজ্ঞাপনশিল্পে নতুন সংযোজন। পপ ফাইভের এই সাফল্য নিঃসন্দেহে দেশের তরুণ ক্রিয়েটিভদের আন্তর্জাতিক বিজ্ঞাপন প্রতিযোগিতায় অংশ নিতে সাহস ও অনুপ্রেরণা দেবে। চাইলে আমরা সবাই ক্রিয়েটিভিটিতে নিজেদের বিশ্বব্যাপী পরিচয় করাতে পারি।’