সিঙ্গাপুর চলচ্চিত্র উৎসবে সম্মাননা পাচ্ছেন আমির খান

দক্ষিণ এশীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে দেয়া হচ্ছে ‘স্ক্রিন আইকন অ্যাওয়ার্ড’।

সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (এসজিআইএফএফ) ৩৭তম আসরে বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন ভারতীয় অভিনেতা ও নির্মাতা আমির খান। দক্ষিণ এশীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে দেয়া হচ্ছে ‘স্ক্রিন আইকন অ্যাওয়ার্ড’।

একই উৎসবে আমির খানের কালজয়ী সিনেমা ‘লাগান: ওয়ান্স আপন আ টাইম ইন ইন্ডিয়া’-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ২০০১ সালে মুক্তি পাওয়া সিনেমাটির এবার ২৫ বছর পূর্ণ হচ্ছে। ১৮৯৩ সালের ব্রিটিশ আমলের পটভূমিতে নির্মিত সিনেমাটির মূল গল্প এক অভাবনীয় লড়াইয়ের; যেখানে অন্যায্য করের বোঝা থেকে বাঁচতে অসম ক্রিকেট খেলার বাজি ধরেছিল গ্রামের সাধারণ মানুষ। সে সময় সমালোচকদের প্রশংসার পাশাপাশি বিশ্বজুড়ে দারুণ ব্যবসা করেছিল সিনেমাটি। ২০০২ সালে অস্কারের ‘সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র’ বিভাগেও চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল লাগান।

সিনেমাটির বিশেষ এ প্রদর্শনীতে আমির খানের সঙ্গে উপস্থিত থাকবেন এর পরিচালক আশুতোষ গোয়ারিকর। এছাড়া উৎসবের বিখ্যাত আলোচনা পর্ব ‘ইন কনভারসেশন উইথ’-এ প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন আমির।

২১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত আয়োজিত এ উৎসবে বসবে এশীয় চলচ্চিত্রের তারকা ও প্রখ্যাত নির্মাতাদের মিলনমেলা। উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক থ্রিলার ‘দ্য অ্যাস্যাসিন’। এতে যোগ দেবেন জাপানি নির্মাতা হিরোকাজু কোরে-এদা এবং হংকংয়ের অভিনেতা অ্যান্থনি ওংয়ের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরা।

উৎসবে এশীয় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য জাপানি নির্মাতা হিরোকাজু কোরে-এদাকে দেয়া হবে ‘সিনেমা অনারারি অ্যাওয়ার্ড’। পাশাপাশি উৎসবের ‘ইন কনভারসেশন উইথ’ পর্বে আমির খানের সঙ্গে আলোচনায় অংশ নেবেন কোরে-এদা, দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী শিম ইউন-কিয়াং ও হংকংয়ের প্রখ্যাত নির্মাতা পিটার চান।

সূত্র: বলিউড হাঙ্গামা

আরও