প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমা হিসেবে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। আর সিনেমাটি জিতে নিয়েছে পুরস্কারও। উৎসবে ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসের প্রিমিও বিসাতো দ’ওরো পুরস্কার অর্জন করেছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। খবর ফিল্মস বুটিক।
জানা গেছে, গতকাল বাংলাদেশ সময় রাত ১১টার দিকে পরিচালক রুবাইয়াত হোসেনের হাতে পুরস্কারটি তুলে দেন উৎসবের ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান।
এবার অনুষ্ঠিত হয়েছে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর। আর তাতে প্রথম বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা অফিশিয়াল শাখা অরিজন্তি বিভাগে মনোনয়ন পেয়েছে। গত ৬ সেপ্টেম্বর ভেনিসে সিনেমাটির প্রিমিয়ার হয়।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। এছাড়া অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী, রিকিতা নন্দিনী শিমুসহ অনেকে।
প্রায় দুই দশক ধরে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ভাবনা নিয়ে কাজ করেছেন রুবাইয়াত হোসেন। শৈশবে একটি বিউটি পারলারে শোনা গল্প এবং সেই সময়ের নানা স্মৃতি থেকেই চলচ্চিত্রটির ধারণার সূত্রপাত। ঢাকার একটি বিউটি পারলার, একটি বিয়ে এবং শৈশবের এক ভয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটির কাহিনি।
চলচ্চিত্রটির ভাবনা সম্পর্কে রুবাইয়াত হোসেন বলেন, সৌন্দর্য সম্পর্কে প্রচলিত ধারণাকে প্রশ্ন করা হয়েছে এতে। সৌন্দর্যচর্চার আড়ালে যে কতটা যন্ত্রণা লুকিয়ে থাকতে পারে, সেটিও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সমাজ কীভাবে বিউটি পারলারের মতো একটি প্রতিষ্ঠানকে ব্যবহার করে একটি মেয়েকে কৃত্রিম সৌন্দর্যের ছাঁচে ‘নারী’ হিসেবে তৈরি করে চলচ্চিত্রটি সেই বিষয়টিও অনুসন্ধান করে।
শৈশবে বিয়ের অনুষ্ঠানে কাঁদতে থাকা কনেদের দেখে রুবাইয়াতের যে ভয় তৈরি হয়েছিল, সেটিও চলচ্চিত্রের গল্পে গুরুত্বপূর্ণ একটি স্তর হিসেবে যুক্ত হয়েছে।
ছবিটির অন্যতম বৈশিষ্ট্য এর নারীনির্ভর নির্মাণদল। ব্যাকগ্রাউন্ড স্কোরের সুরকার ছাড়া প্রায় সব বিভাগের নেতৃত্বে রয়েছেন নারীরা। চিত্রগ্রহণ করেছেন বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ারজয়ী পর্তুগিজ নির্মাতা লিওনর তেলেস। প্রধান আলোকপ্রযুক্তিবিদ হিসেবে ছিলেন ফ্রেডেরিকা আর গোমেস। ফ্রান্সের রাফায়েল মার্টিন-হলগার সম্পাদনা এবং ভারতের জোনাকি ভট্টাচার্য প্রোডাকশন ডিজাইনের দায়িত্ব পালন করেছেন।
ভেনিসের পাশাপাশি গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। জানা গেছে, কানাডার এই উৎসবেও উপস্থিত থাকবেন রুবাইয়াত হোসেন।