বিটিভির একটি সাপ্তাহিক নাটকে অভিনয় করলেন দীপা খন্দকার। অভিনয় জীবনের শুরুতে তিনি বাংলাদেশ টেলিভিশনের অনেক নাটকে অভিনয় করেছেন। বলা যায়, অভিনেত্রী হিসেবে তার আজ যে অবস্থান তার নেপথ্যে বিটিভির একটা বড় ভূমিকা রয়েছে। যে কারণে বিটিভি থেকে কাজের প্রস্তাব এলে দীপা তা বেশ আগ্রহ নিয়েই করার চেষ্টা করেন। এরই মধ্যে দীপা খন্দকার বিটিভিরই প্রযোজনায় নাসরীন মুস্তাফা রচিত এক পর্বের সাপ্তাহিক নাটক ‘ঘর’-এ অভিনয় করেছেন।
নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে বলে জানালেন দীপা খন্দকার। তিনি জানান, এতে তার বিপরীতে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শতাব্দী ওয়াদুদ। দীপা খন্দকার বলেন, ‘নাটকটির গল্প একটি বাচ্চাকে ঘিরে। জীবন ঘনিষ্ঠ গল্পের নাটক ঘর। নাট্যকার চমৎকার একটি গল্প রচনা করেছেন। যে কারণে কাজটি করেও ভীষণ ভালো লেগেছে। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’
নাটকটি শিগগিরই বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। এদিকে দীপা খন্দকার জানান, ১৬ সেপ্টেম্বর জাহিদ প্রীতমের নির্দেশনায় একটি ওয়েবের কাজ করার কথা। এদিকে তিনি কোরবানির ঈদের আগে শেষ হওয়া সিনেমা জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’র ডাবিংয়ের কাজ শেষ করলেন। এ সিনেমায় দীপা একেবারেই ভিন্ন ধরনের চরিত্র ‘আমেনা’য় অভিনয় করেছেন। দীপ্ত প্লের জন্য এরই মধ্যে তিনি শেষ করেছেন মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘হাইড অ্যাণ্ড সিক’ নাটকের কাজ।