আবারো নতুন নাটকে অপূর্ব-নীহা

নাটকটির গল্প ও নির্মাণ নিয়ে অপূর্ব বলেন, ‘এবার ঢাকায় এসে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। প্রতিটি নাটকের গল্পই ভীষণ সুন্দর।

ছোট পর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। এ জুটির একাধিক নাটক দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। এবার এসআর মজুমদারের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘কাছের কেউ’। এতে অভিনয় করেছেন অপূর্ব ও নীহা। শিগগিরই এটি প্রচারে আসবে বলে জানিয়েছেন পরিচালক।

নাটকটির গল্প ও নির্মাণ নিয়ে অপূর্ব বলেন, ‘এবার ঢাকায় এসে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। প্রতিটি নাটকের গল্পই ভীষণ সুন্দর। কাছের কেউয়ের গল্পও খুব সুন্দর। এসআর মজুমদার যত্ন নিয়ে নাটক নির্মাণের চেষ্টা করেন। আর নীহার মধ্যে অভিনয় শেখার অনেক আগ্রহ। ভীষণ ধৈর্য তার। কাজের প্রতি সবসময় সিরিয়াস।’

অপূর্ব আরো বলেন, ‘আমি এখনো অভিনয় শিখছি, প্রতিনিয়ত নানা মাধ্যমে শিখছি। নীহার অভিনয় শেখার প্রবল আগ্রহটা বড় বিষয়। কোনো সংলাপ ঠিকভাবে বলতে না পারলে সে সংকোচ না করে বারবার জিজ্ঞেস করে নেয়। অনেকেই লজ্জায় তা করতে চান না, কিন্তু নীহা করে নেয়। এ কারণে তার অভিনয়ও দিন দিন আরো ভালো হচ্ছে। কাছের কেউসহ এবার যে কয়টি নাটকে অভিনয় করেছি, সবই নীহা ভালো করার চেষ্টা করেছে।’

অপূর্বর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে নাজনীন নীহারও রয়েছে ইতিবাচক অভিজ্ঞতা। ক্যারিয়ারের শুরু থেকেই তার সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াকে নিজের জন্য গুরুত্বপূর্ণ মনে করেন নীহা।

নীহা বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে আসছি। তিনি যেমন সহযোগিতাপরায়ণ, তেমনি ভীষণ ভালো মনের মানুষ। সহশিল্পীদের প্রতি তিনি শ্রদ্ধাশীল ও স্নেহশীল। অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াটা সৌভাগ্যের। তার বিপরীতে অভিনয় করতে হলে অভিনয়ের বিষয়ে জেনেশুনে প্রস্তুতি নিতে হয়। কাছের কেউতে কাজের সুযোগ করে দেয়ার জন্য পরিচালক এসআর মজুমদার ভাইয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

আরও