একাধিক জীবনীধর্মী অভিনয় করেছেন অস্কারজয়ী হলিউড অভিনেতা টম হ্যাংকস। এবার তার ক্যারিয়ারে যুক্ত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের চরিত্র। স্টারবার্নস ইন্ডাস্ট্রিজ প্রযোজিত চলচ্চিত্রটির নাম ‘লিংকন ইন দ্য বার্ডো’, যা একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি হবে। খবর ভ্যারাইটি।
১৬তম মার্কিন প্রেসিডেন্টের ভূমিকায় অভিনয়ের পাশাপাশি সিনেমাটির প্রযোজনায়ও যুক্ত থাকবেন টম হ্যাংকস।
বেস্টসেলিং মার্কিন লেখক জর্জ সানডার্স নিজের উপন্যাস থেকেই সিনেমাটির চিত্রনাট্য করছেন। অ্যানিমেটেড চলচ্চিত্র ‘অ্যানোমালিসা’র জন্য অস্কার-মনোনয়ন পাওয়া ডিউক জনসন থাকছেন পরিচালনায়।
এর আগে একাধিক সিনেমায় বাস্তব চরিত্রে অভিনয় করেছেন টম হ্যাংকস। অ্যাপোলো থার্টিন চলচ্চিত্রে দেখা গেছে নভোচারী জিম লভেল চরিত্র। টম হ্যাংকসের এ ধরনের অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে সুলি, দ্য পোস্ট, আ বিউটিফুল ডে ইন দ্য নেবরহুড ও সেভিং মিস্টার বাংকস। তবে এবারই প্রথম মার্কিন প্রেসিডেন্ট চরিত্রে অভিনয় তার।
২০১৩ সালে ‘কিলিং লিংকন’ ডকুড্রামায় ন্যারেটর ও হোস্ট ছিলেন টম হ্যাংকস। মায়ের দিক থেকে এ অভিনেতার সঙ্গে আব্রাহাম লিংকনের দূরতম আত্মীয়তার সম্পর্ক রয়েছে।
মার্কিন সিনেমা বা অন্যান্য মাধ্যমে বিভিন্ন সময়ে প্রেসিডেন্ট লিংকনের জীবনী ওঠে এসেছে। ওই সব গল্পে প্রাধান্য পেয়েছে গৃহযুদ্ধের তার নেতৃত্ব, দাসপ্রথা বাতিল বা ১৮৬৫ সালের হত্যাকাণ্ড।
‘লিংকন ইন দ্য বার্ডো’ সম্প্রতি প্রকাশিত উপন্যাস, যেখানে ১১ বছর বয়সে মৃত ছেলের সঙ্গে লিংকনের সম্পর্ক প্রধান্য পেয়েছে।
জানা গেছে ‘লিংকন ইন দ্য বার্ডো’য় চরিত্রের গভীর অনুভূতি প্রকাশে স্টপ-মোশন অ্যানিমেশন ও লাইভ-অ্যাকশন প্রযুক্তি একসঙ্গে ব্যবহার হবে। ভালোবাসা ও সহানুভূতির সঙ্গে কঠিন শোক মানিয়ে নেয়ার মানবিক শক্তি ফুটে উঠবে ছবিতে। যেখানে জীবিত ও মৃত, বাস্তব ও কল্পিত সব ধরনের চরিত্র থাকবে।