ভেনিস চলচ্চিত্র উৎসবে যুদ্ধবিরোধী বার্তা

গাজা যুদ্ধ নিয়ে নির্মিত ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ জিতল সিলভার লায়ন

মরোক্কান পরিচালক মারিয়ম তৌজানি (কালে মালাগা) প্রশ্ন তুললেন— আর কত মা সন্তান হারাবে?

ছবিতে ব্যবহার করা হয়েছে হিন্দের করুণ কল রেকর্ডিং, যেখানে তিনি রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলেন গুলিবিদ্ধ গাড়ির ভেতর থেকে— চারপাশে ছিলেন তার নিহত খালা, মামা ও তিন কাজিন। পরে হিন্দকেও হত্যা করা হয়, সেইসঙ্গে নিহত হন উদ্ধার করতে আসা দুই অ্যাম্বুলেন্সকর্মী।

ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮২তম আসরটি পরিণত হলো যুদ্ধবিরোধী বার্তার মঞ্চে। ফ্রান্স-তিউনিসিয়ার পরিচালক কাওথার বেন হানিয়ার নির্মিত দ্য ভয়েস অব হিন্দ রজব ছবিটি দ্বিতীয় সেরা পুরস্কার সিলভার লায়ন জিতেছে। ছবিটি গাজায় গত বছর ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত পাঁচ বছরের ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের সত্য কাহিনি তুলে ধরেছে। খবর আল জাজিরা।

ছবিতে ব্যবহার করা হয়েছে হিন্দের করুণ কল রেকর্ডিং, যেখানে তিনি রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলেন গুলিবিদ্ধ গাড়ির ভেতর থেকে— চারপাশে ছিলেন তার নিহত খালা, মামা ও তিন কাজিন। পরে হিন্দকেও হত্যা করা হয়, সেইসঙ্গে নিহত হন উদ্ধার করতে আসা দুই অ্যাম্বুলেন্সকর্মী। প্রিমিয়ারে ছবিটি পেয়েছিল ২৩ মিনিট দাঁড়িয়ে অভিবাদন।

পুরস্কার নিতে গিয়ে বেন হানিয়া বলেন, ‘সিনেমা হিন্দকে ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু তার কণ্ঠকে অমর করে তুলতে পারে। তার কণ্ঠ প্রতিধ্বনিত হবে ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত।‘

ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’ ছবির জন্য সেরা পুরস্কার গোল্ডেন লায়ন জিতেছেন মার্কিন স্বতন্ত্র নির্মাতা জিম জারমাশ। মঞ্চে তিনি গাজা অবরোধের প্রতিবাদ জানাতে বুকে ‘এনাফ’ লেখা ব্যাজ ধারণ করেছিলেন। ছবিতে অভিনয় করেছেন কেট ব্ল্যানচেট, অ্যাডাম ড্রাইভার ও টম ওয়েটস।

অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন— সেরা অভিনেতা: ইতালির টোনি সারভিল্লো (লা গ্রাজিয়া), সেরা অভিনেত্রী: চীনের সিন ঝিলেই (দ্য সান রাইজেস অন আস অল), সেরা পরিচালক: বেনি সাফদি, দ্য স্ম্যাশিং মেশিন (অভিনয়ে ডোয়াইন ‘দ্য রক’ জনসন) এবং বিশেষ জুরি পুরস্কার: ইতালির জিয়ানফ্রাঙ্কো রোসি, বিলো দ্য ক্লাউডস।

মঞ্চে অনেক পুরস্কারজয়ীই গাজা প্রসঙ্গে বক্তব্য দেন। সারভিল্লো সমুদ্রপথে অবরোধ ভাঙার চেষ্টা করা কর্মীদের প্রশংসা করেন। ভারতের নবাগত পরিচালক অন্নপূর্ণা রায় (সংস অব ফরগটেন ট্রিজ) ঘোষণা করেন, ‘প্রত্যেক শিশুর শান্তি ও স্বাধীনতার অধিকার আছে, ফিলিস্তিনও ব্যতিক্রম নয়।‘

মরোক্কান পরিচালক মারিয়ম তৌজানি (কালে মালাগা) প্রশ্ন তুললেন— আর কত মা সন্তান হারাবে?

ভেনিস উৎসব প্রতি বছর অস্কারের পূর্বাভাস হিসেবে বিবেচিত হয়। গত চার বছরে এখানে প্রিমিয়ার হওয়া ছবিগুলোই জিতেছে প্রায় ২০টি অস্কার। তবে এ বছর নেটফ্লিক্সের তিন ছবি (ক্যাথরিন বিগেলোর আ হাউস অব ডাইনামাইট, গিলের্মো দেল তোরোর ফ্র্যাঙ্কেনস্টাইন ও নোয়া বোমবাকের জে কেলি) এবং পার্ক চ্যান-উকের নো আদার চয়েস পুরস্কার ছাড়াই ফিরেছে।

আরও